ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ফিফার টুর্নামেন্ট বয়কটের অবস্থান থেকে সরে আসছে ইউয়েফা

ফিফার টুর্নামেন্ট বয়কটের অবস্থান থেকে সরে আসছে ইউয়েফা

ফিফার বড় টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরে আসতে যাচ্ছে ইউয়েফা। বিশ্বকাপসহ যেকোনো বড় টুর্নামেন্টের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা আর ফিরবে না- ফিফার কাছ থেকে এমন আশ্বাস পাওয়ার পরই অবস্থান বদলাচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে এই খবর। বুধবার রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন বয়কট বিষয়ক আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র।

এর মধ্যেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ আরও বেড়েছে। তার প্রার্থিতার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। একই সঙ্গে ইউরোপিয়ান লিগসের সভাপতি ক্লদিওস শেফার বলেছেন, ফিফায় ইনফান্তিনোর ভবিষ্যৎ নেই ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিতে সংস্কার প্রয়োজন।

গত জুলাইয়ে বিশ্বকাপসহ ফিফার কার্যক্রম পরিচালনার জন্য বেসরকারি অংশীদারত্ব আহ্বানের সিদ্ধান্ত নিয়েছিল ফিফা। তবে চাপের মুখে সেই প্রস্তাব পরে প্রত্যাহার করে নেয়।

ওই প্রস্তাবের বিস্তারিত প্রকাশ্যে আসার পরই ইউরোপের ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশন ক্ষুব্ধ হয় এবং ফিফার প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত নেয়। ইউয়েফার মূল দাবি ছিল- প্রস্তাবটি পুরোপুরি প্রত্যাহারের পাশাপাশি ভবিষ্যতে একই ধরনের উদ্যোগ আর নেওয়া হবে না, সেই নিশ্চয়তাও দিতে হবে।

বৃহস্পতিবার মোনাকোয় ইউয়েফার নির্বাহী কমিটি ও অধিকাংশ সদস্যদেশের সভাপতিদের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, বয়কট তুলে নেওয়ার জন্য ইউয়েফার বেঁধে দেওয়া শর্তগুলো পূরণ হয়েছে।

তবে ইউয়েফার এই অবস্থানকে পরাজয় হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। রয়টার্সকে এক সূত্র বলেন, ‘এটি উয়েফার পরাজয় নয়। বরং তরুণ খেলোয়াড়দের জীবনে একবার পাওয়া সুযোগ নষ্ট না করার বাস্তবতা।’

ফিফার আগামী মাসের অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ দিয়ে এই অচলাবস্থার প্রভাব পড়ার আশঙ্কা ছিল। তবে ফিফা জানিয়েছে, পোল্যান্ডে অনুষ্ঠেয় টুর্নামেন্টে বাছাইপর্ব পেরোনো সব দলই অংশ নেবে।

ফিফার এক মুখপাত্র বলেন, ‘ফিফা আনন্দিত যে আসন্ন ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে সব যোগ্য দল অংশ নেবে।’ ফুটবলকে কঠিন পরিস্থিতিতেও ঐক্যের শক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব ফুটবলের উন্নয়নে ফিফা বিভিন্ন উদ্যোগ অব্যাহত রাখবে এবং কনফেডারেশন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।

ইনফান্তিনোর ওপর চাপ বাড়ছেই

ইতালির সমর্থন হারানো ইনফান্তিনোর জন্য বড় ধাক্কা। আগামী বছরের মার্চে অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে চতুর্থ মেয়াদে লড়ার পরিকল্পনা রয়েছে তার। তবে এবার তাকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), ইউয়েফা ও উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ- এই তিন কনফেডারেশন থেকেই ইনফান্তিনোর পদত্যাগের দাবি উঠেছে। এমনকি তার বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

ইতালিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক প্রতিযোগিতার পরিচালনা ও উন্নয়ন নিয়ে ফিফা সভাপতির সাম্প্রতিক উদ্যোগের বিষয়ে ইউয়েফা ও সভাপতি আলেক্সান্ডার সেফেরিনের অবস্থানের সঙ্গে পূর্ণ একমত হয়েই ইনফান্তিনোর প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করেছে তারা।

তবে ইনফান্তিনো এখনও আফ্রিকান ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনগুলোর সমর্থন ধরে রেখেছেন। ইউরোপসহ কয়েকটি অঞ্চলের অসন্তোষ বাড়লেও তিনি কনফেডারেশনগুলোর প্রভাব কমিয়ে সরাসরি সদস্যদেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে