ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ফিনল্যান্ডে ১৫০ বছরের ল্যান্ডলাইন যুগের অবসান

ফিনল্যান্ডে ১৫০ বছরের ল্যান্ডলাইন যুগের অবসান

প্রায় ১৫০ বছরের পুরোনো ল্যান্ড টেলিফোন নেটওয়ার্ক আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে ফিনল্যান্ড। এর মধ্য দিয়ে দেশটি সম্পূর্ণভাবে আধুনিক ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় প্রবেশ করল।

মঙ্গলবার (৩০ জুন) দেশজুড়ে শেষ ল্যান্ডলাইন ফোনকলের পর টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এলিসা তাদের পুরোনো তামার তারের নেটওয়ার্ক স্থায়ীভাবে বন্ধ করে দেয়। এই নেটওয়ার্কটি একসময় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান- উভয় ক্ষেত্রেই ব্যাপকভাবে ব্যবহৃত হতো। প্রতীকীভাবে শেষ ল্যান্ডলাইন কলটি করেন এলিসার প্রধান নির্বাহী টোপি মান্নের এবং ফিনল্যান্ডের পরিবহন ও যোগাযোগ সংস্থার প্রধান ইয়ার্ক্কো সারিমাকি। তারা বলেন, একসময় মানুষের দৈনন্দিন জীবনে ল্যান্ডলাইন ফোনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
ফিনল্যান্ডে ল্যান্ডলাইন টেলিফোন নেটওয়ার্কের যাত্রা শুরু হয় ১৮৮০-এর দশকে। একসময় এটি ইউরোপের সবচেয়ে বেশি ব্যবহৃত টেলিফোন ব্যবস্থাগুলোর একটি ছিল। ১৯৬০-এর দশকে ল্যান্ডলাইন সংযোগের সংখ্যার দিক থেকে ইউরোপে ফিনল্যান্ডের অবস্থান ছিল সপ্তম।

আর ১৯৯০-এর দশকের শুরুতে দেশটিতে সবচেয়ে বেশি পরিবার ল্যান্ডলাইন ফোন ব্যবহার করত। পরবর্তী কয়েক দশকে মোবাইল ফোন প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে ল্যান্ডলাইনের ব্যবহার ধারাবাহিকভাবে কমতে থাকে। এই পরিবর্তনে বড় ভূমিকা রাখে ফিনল্যান্ডের টেলিযোগাযোগ খাতের বৈশ্বিক প্রভাবশালী প্রতিষ্ঠান নকিয়া।
চলতি বছরের শুরুতে নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করার সময় এলিসা জানিয়েছিল, তখনও মাত্র কয়েক হাজার গ্রাহক পুরোপুরি ল্যান্ডলাইন সেবার ওপর নির্ভর করতেন। এর আগেই দেশটির অন্য বড় টেলিকম প্রতিষ্ঠানগুলো ল্যান্ডলাইন সেবা ধাপে ধাপে বন্ধ করে দেয়।

টেলিয়া ২০১৯ সালে তাদের ল্যান্ডলাইন সেবা বন্ধ করে, আর ডিএনএ ২০২৬ সালের শুরুতে এ খাতে সব ধরনের সহায়তা বন্ধ করে দেয়।
ল্যান্ডলাইন বন্ধের মাধ্যমে ফিনল্যান্ড এখন এস্তোনিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেনের মতো দেশের তালিকায় যুক্ত হলো, যারা জাতীয় পর্যায়ের অ্যানালগ ল্যান্ডলাইন নেটওয়ার্ক বন্ধ করেছে। এই দেশগুলো এখন ফাইবার-অপটিক অবকাঠামোর ওপর নির্ভর করছে, যার মাধ্যমে একই সঙ্গে উচ্চগতির ইন্টারনেট ও ভয়েস যোগাযোগ সেবা দেওয়া সম্ভব। তবে ফিনল্যান্ডে কিছু স্থানীয় প্রতিষ্ঠান সীমিত পরিসরে নির্দিষ্ট এলাকায় ল্যান্ডলাইন সেবা চালু রাখবে বলে জানা গেছে।

সূত্র: গালফ নিউজ

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে