ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » টার্মিনাল সরলেই স্বস্তি সায়েদাবাদে

টার্মিনাল সরলেই স্বস্তি সায়েদাবাদে

নবপ্রকাশ ডেস্ক:

রাজধানী ঢাকার যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করতে সায়েদাবাদ বাস টার্মিনাল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে স্থানান্তর করা হলে যানজট লক্ষণীয় মাত্রায় কমে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে প্রস্তাবিত বাস টার্মিনালের চলমান নির্মাণকাজের ক্ষেত্র সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম জানান, রাজধানী থেকে আন্তঃজেলা বাস সরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গুলিস্তানের বিদ্যমান বাস টার্মিনালটি বুড়িগঙ্গা নদীর ওপারে স্থানান্তরের জোরালো উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সে উদ্দেশ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

প্রশাসক আরও উল্লেখ করেন, সায়েদাবাদ টার্মিনাল থেকে বর্তমানে চট্টগ্রাম বিভাগ ও দেশের পূর্বাঞ্চলীয় প্রায় ১৬টি জেলার উদ্দেশ্যে যেসব দূরপাল্লার বাস চলাচল করে, সেগুলোকে কাঁচপুরের নতুন টার্মিনালে রাখার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার। কাঁচপুর থেকে যাত্রী সাধারণ যেন সহজে ও নির্বিঘ্নে ঢাকায় যাতায়াত করতে পারেন, সেজন্য বিকল্প ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে।

কাঁচপুর টার্মিনালের সার্বিক বাজেট ও অগ্রগতি সম্পর্কে আবদুস সালাম বলেন, দ্রুততম সময়ে নগরবাসীকে যানজট মুক্ত করতে প্রাথমিক পর্যায়ে কাঁচপুর টার্মিনালে অস্থায়ী শেড নির্মাণ করে সায়েদাবাদ টার্মিনাল সাময়িকভাবে স্থানান্তর করা হবে। সম্পূর্ণ টার্মিনাল প্রকল্পটি বাস্তবায়নের জন্য সার্বিকভাবে প্রায় ৫০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে।

কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণকাজ পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে