ঢাকা
ঢাকা, শনিবার, ১৬ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৬ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ইরানে বড় ধরনের হামলার ছক বানাচ্ছেন ট্রাম্প

ইরানে বড় ধরনের হামলার ছক বানাচ্ছেন ট্রাম্প

ইরানে বড় ধরনের হামলার ছক বানাচ্ছেন ট্রাম্প
নবপ্রকাশ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন। এখন তিনি ইরান নিয়ে বড় ধরনের কিছু সিদ্ধান্ত নিতে পারেন। ট্রাম্প আরও বেশি বোমা মেরে এই অচলাবস্থা ভাঙার সিদ্ধান্ত নিতে পারেন, এমনটা মাথায় রেখে আবার অভিযান শুরু করতে ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করে রেখেছেন তাঁর শীর্ষ উপদেষ্টারা।
উপদেষ্টারা জানিয়েছেন, ট্রাম্প তাঁর পরবর্তী পদক্ষেপের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে স্বার্থসংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন। তাঁরা ইরানকে বুঝিয়ে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার পদক্ষেপ নিচ্ছেন। এটা হলে ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারবেন। তিনি সন্দিহান মার্কিন ভোটারদের বোঝাতে পারবেন, ইরানে এই ব্যয়বহুল ও প্রাণঘাতী সামরিক অভিযান সফল ছিল।
কিন্তু বেইজিং ছাড়ার পরপরই শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের কাছে ট্রাম্প আবারও স্পষ্ট করে দিয়েছেন, ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবটি গ্রহণযোগ্য ছিল না।
ট্রাম্প বলেন, ‘আমি এটি দেখেছি। আর প্রথম বাক্যটিই যদি আমার পছন্দ না হয়, তবে আমি তা সরাসরি ফেলে দিই।’
ট্রাম্প বলেন, তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ইরানের বিষয়ে আলোচনা করেছেন। চীন হচ্ছে তেহরানের কৌশলগত অংশীদার, যারা হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত তেল ও গ্যাসের ওপর নির্ভরশীল।
ট্রাম্প বলেন, তিনি সি চিন পিংকে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে বলেননি। তাঁদের আলোচনার পূর্ণ বিবরণ এখনো সামনে আসেনি।
অভিযান শুরুর পরিকল্পনা করছে পেন্টাগন
এই যুদ্ধ নিয়ে ট্রাম্পকে দ্বিমুখী পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। যদিও এটি তাঁর জন্য রাজনৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে। তাঁকে বিষয়টি পার করে সামনে এগিয়ে যেতে উদ্‌গ্রীব বলে মনে হয়েছে। তবে প্রেসিডেন্ট এখনো সেই লক্ষ্য অর্জন করতে পারেননি। তিনি প্রায়ই যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য হিসেবে বলেছিলেন, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।
‘অপারেশন এপিক ফিউরি’ আগামী দিনগুলোতে আবার শুরুর সম্ভাবনা নিয়ে পরিকল্পনা করছে পেন্টাগন। গত মাসে প্রেসিডেন্ট যুদ্ধবিরতি ঘোষণা করার পর সাময়িকভাবে এ অভিযান স্থগিত করা হয়েছিল। তবে এবার এটি নতুন কোনো নামেও শুরু হতে পারে।
আরও জোরালো হামলা
মার্কিন কর্মকর্তারা বলেছেন, ট্রাম্প আবার সামরিক হামলা শুরুর সিদ্ধান্ত নিলে ইরানের সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুগুলোতে আরও জোরালো বোমা হামলা চালানো হবে।
কর্মকর্তারা বলেন, অন্য একটি বিকল্প হতে পারে, মাটির গভীরে লুকিয়ে রাখা পারমাণবিক উপাদানগুলো ধ্বংস করতে স্পেশাল অপারেশনস ফোর্সক (বিশেষ অভিযান চালাতে দক্ষ বাহিনী) মাটিতে নামানো। কর্মকর্তারা বলেন, ট্রাম্পকে এই বিকল্প দেওয়ার উদ্দেশ্যেই গত মার্চে বিশেষ অভিযানে দক্ষ বাহিনীর কয়েক শ সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে