নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাফরুলে যুবদল কর্মী ইউসুফ আলী হত্যা মামলার তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনি। একই সঙ্গে তিনি দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। প্রকৃত পরিকল্পনাকারী ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাব্বির দেওয়ান জনি এসব অভিযোগ করেন।
তিনি বলেন, সম্প্রতি কাফরুল থানার ১৩ নম্বর সেকশন এলাকায় সশস্ত্র হামলায় যুবদল কর্মী ইউসুফ আলী নিহত হন। এ সময় একজন কাঁচামাল ব্যবসায়ী ও একজন পথচারী গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে কিলিং মিশনে অংশ নেওয়া চারজনসহ কয়েকজনকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, পরবর্তীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ তুলে ধরে এবং হাফিজুর রহমান হাফিজকে মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায়।
সংবাদ সম্মেলনে সাব্বির দেওয়ান জনি অভিযোগ করেন, বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক এক সংবাদ সম্মেলনে কাফরুল থানা যুবদলের আহ্বায়ক হাফিজুল ইসলাম বাবু কয়েকটি ছবি প্রদর্শন করে তাকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়ানোর চেষ্টা করেন। তিনি এ অভিযোগকে ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান।
জনি বলেন, হত্যাকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন এবং শুরু থেকেই ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছেন।
নিজের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে ছবি থাকা অস্বাভাবিক নয়। অভিযুক্ত হাফিজুর রহমান হাফিজের সঙ্গে তার ছবি থাকলেও হত্যাকাণ্ডের আগে তিনি যে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, সে বিষয়ে তার কোনো তথ্য জানা ছিল না। একই সঙ্গে তিনি দাবি করেন, অভিযোগকারী হাফিজুল ইসলাম বাবুসহ বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গেও অভিযুক্তের একাধিক ছবি রয়েছে। তাই শুধুমাত্র ছবি থাকার ভিত্তিতে কাউকে অপরাধের সঙ্গে সম্পৃক্ত করা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে গ্রেফতার করে তদন্তে অগ্রগতি দেখিয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত বাকি ব্যক্তিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনের শেষাংশে সাব্বির দেওয়ান জনি অভিযোগ করেন, তদন্ত শেষ হওয়ার আগেই তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তিনি এ ধরনের অপপ্রচার বন্ধ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
