ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » অভিযানে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ২

অভিযানে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ ২

নবপ্রকাশ ডেস্ক:

রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিংয়ের একটি বাড়ি দখলের চেষ্টা, হামলা-ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় ‘কবজি কাটা’ গ্রুপের প্রধানসহ আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে পরিচালিত এই অভিযানে গ্রেপ্তারকালে রামদা-চাপাতি নিয়ে হামলার চেষ্টা চালালে আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ ও আহত হয়।

ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি চাপাতি, সামুরাই ও কিরিচ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় মোট ১০ জনকে আইনের আওতায় আনল আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ গ্রেপ্তারকৃতরা হলেন—সাগর ওরফে ছোট বিগার, রাজিব হাওলাদার, শাকিব ও রাশেদ। পুলিশ সূত্রে জানা যায়, রাজিব মোহাম্মদপুরের আলোচিত বাবু হত্যা মামলার ১ নম্বর এজাহারভুক্ত প্রধান আসামি। অন্যদিকে, সাগর ওরফে ছোট বিগারের বিরুদ্ধে আদাবর ও মোহাম্মদপুর থানায় আটটি এবং শাকিব ও রাশেদের বিরুদ্ধে পাঁচটি করে মামলা রয়েছে। এরা মূলত মোহাম্মদপুর-আদাবর এলাকায় ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করত এবং ইমো ও মেসেঞ্জারের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করত।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা ঘটনার বিবরণ দিয়ে জানান, আদাবরের ওই ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছিল। সোমবার রাত ২টার দিকে নবোদয় হাউজিং কাঁচাবাজার সংলগ্ন মেলার মাঠের পেছনের খালপাড় এলাকায় আসামিদের অবস্থানের গোপন খবর পেয়ে অভিযানে যায় আদাবর থানা পুলিশ। সেখানে ৭-৮ জনের একটি সন্ত্রাসী দলকে দেখতে পেয়ে ঘেরাও করা হলে তারা ধারালো চাপাতি নিয়ে পুলিশের ওপর আক্রমণের চেষ্টা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাসহ আত্মরক্ষার্থে কনস্টেবল মোশরেকুল ইসলাম শটগান থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে রাজিব ও সাগর পায়ে গুলিবিদ্ধ হয়। এরপর সেখান থেকে চারজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা সটকে পড়ে। গুলিবিদ্ধ দুজনকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার আদাবরের শ্যামলী হাউজিংয়ের একটি বাড়ির মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বে ১৫-২০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল পিস্তল, চাপাতি ও রামদা নিয়ে হামলা ও ভাঙচুর চালায়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আদাবর থানায় মামলা দায়ের করা হয়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, এই সন্ত্রাসী চক্রের বাকি সদস্যদেরও চিহ্নিত করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদেরও গ্রেপ্তার করা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে