ঢাকা
ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা

ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা

কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা পুনর্ব্যক্ত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

বুধবার (১৭ জুন) ব্যাংকের মানবসম্পদ নীতিমালার আলোকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, এর আগে জারি করা নির্দেশনার ধারাবাহিকতায় মানবসম্পদ নীতিমালার অধ্যায়-৬ এ বর্ণিত ‘সাধারণ আচরণ ও শৃঙ্খলা নীতি’র আওতায় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সংক্রান্ত বিধান আবারও সকল কর্মকর্তা-কর্মচারীর দৃষ্টিগোচর করা হচ্ছে।

নীতিমালা অনুযায়ী, ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে দেশে বা বিদেশে কোনো জাতীয় সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হিসেবেও অংশগ্রহণ করা যাবে না। তবে ব্যক্তিগত ভোটাধিকার প্রয়োগের সুযোগ বহাল থাকবে।

এ ছাড়া দলীয় মতাদর্শ প্রচার, রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ কিংবা এমন কোনো পক্ষপাতমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যা দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা ও পেশাগত সততাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। স্বজনপ্রীতি, দলীয়করণ, সংকীর্ণতা এবং অফিসের ক্ষমতার অপব্যবহার থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংকের ভাবমূর্তি ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখতে সার্কুলারে আরও কয়েকটি বিষয় গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের প্রকাশ্যে রাজনৈতিক মতামত দেওয়া বা রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি দাপ্তরিক প্রয়োজন ছাড়া অফিস চলাকালে কর্মস্থলের বাইরে না থাকা এবং বাইরে গেলে মুভমেন্ট রেজিস্টারে সময় ও কারণ উল্লেখ করে স্বাক্ষর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে সতর্ক করে বলা হয়েছে, এসব নির্দেশনা লঙ্ঘন করা হলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে মানবসম্পদ নীতিমালার বিধান অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে, সার্কুলারের বিষয়বস্তু দ্রুত কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করতে হবে। একই সঙ্গে নির্দেশনা অমান্যের কোনো ঘটনা ঘটলে তা দ্রুত মানবসম্পদ বিভাগকে জানাতেও বলা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে