ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » আগামীকাল শুরু হচ্ছে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার, সর্বোচ্চ শাস্তির আশা সরকারের

আগামীকাল শুরু হচ্ছে রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার, সর্বোচ্চ শাস্তির আশা সরকারের

নবপ্রকাশ ডেস্ক:  বহুল আলোচিত শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রম আগামীকাল (১ জুন) থেকে শুরু হচ্ছে। এ মামলায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (৩১ মে) সকালে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তন-এ জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার শুরু থেকেই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছে এবং দ্রুত তদন্ত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমি বলেছিলাম সরকারের হাতে যতটুকু সময় ও ক্ষমতা আছে, সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছে। আমি বলেছিলাম এক সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আমরা এক সপ্তাহের মধ্যেই সঠিকভাবে চার্জশিট প্রদান করেছি। বাকিটা আদালতের কাজ। আদালতকে আমরা সহযোগিতা করব।”

তিনি আরও বলেন, আদালত চার্জশিট পাওয়ার পর আগামীকাল আদালত খোলার প্রথম দিনেই মামলাটির গুরুত্ব বিবেচনায় শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার কার্যক্রম শুরু হবে।

আইনমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, মামলার তদন্ত ও অভিযোগপত্র দাখিলের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছে। এখন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুততম সময়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, সরকার চায় মামলার বিচার স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হোক এবং অপরাধ প্রমাণিত হলে অভিযুক্ত সর্বোচ্চ শাস্তি পাক।

উল্লেখ্য, শিশু রামিসা হত্যা ও ধর্ষণের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তদন্ত শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়। আগামীকাল থেকে শুরু হওয়া বিচার কার্যক্রমের দিকে এখন তাকিয়ে রয়েছে নিহত শিশুটির পরিবারসহ সারা দেশের মানুষ।

মামলার দ্রুত নিষ্পত্তি এবং দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সরকারের পক্ষ থেকেও বিচার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে