ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » “দেশের ফুটবল ফেরাতে প্রয়োজন শক্তিশালী ঘরোয়া ফুটবল: ফিফা সভাপতি”

“দেশের ফুটবল ফেরাতে প্রয়োজন শক্তিশালী ঘরোয়া ফুটবল: ফিফা সভাপতি”

স্পোর্টস ডেস্ক:

দুই দিনের সরকারি সফরে হিমালয় কন্যা ভুটানের রাজধানী থিম্পুতে অবস্থান শেষে ফেরার পথে ফের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত বিরতি নিয়েছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যাওয়ার সময় ঢাকায় দেড় ঘণ্টার ট্রানজিট নেওয়ার পর, আজ থিম্পু থেকে টোকিও যাওয়ার পথে বিমানবন্দরে পৌঁনে এক ঘণ্টার এক সংক্ষিপ্ত যাত্রাবিরতি দেন তিনি।

জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেস। উক্ত কনগ্রেসে যোগ দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও সাধারণ সম্পাদক ইতোমধ্যে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করায় ফিফা সভাপতিকে বিমানবন্দরে বাফুফের পক্ষে উষ্ণ অভ্যর্থনা জানান ফেডারেশনের দুই সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ ও ফাহাদ করিম। সংক্ষিপ্ত এই বিরতি শেষে ফিফা সভাপতিও এএফসি সভায় অংশ নিতে টোকিওর উদ্দেশ্যে রওয়ানা হন।

ফিফা সভাপতির সঙ্গে সংক্ষিপ্ত সময়ের অনানুষ্ঠানিক আলাপচারিতা নিয়ে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানান, “ভুটানের আতিথেয়তার পাশাপাশি বাংলাদেশ তথা পুরো দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ে ওনার সঙ্গে কিছুটা ফলপ্রসূ আলাপ হয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ঘরোয়া ফুটবলের গুণগত মান উন্নয়নের ব্যাপারে তিনি অত্যন্ত জোর দিয়েছেন এবং এ বিষয়ে ফিফার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এছাড়া দক্ষিণ এশিয়ার শীর্ষ ক্লাবগুলোকে নিয়ে একটি বড় টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে ভুটান ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে তিনি আলোচনা করেছেন এবং বিষয়টি নিয়ে টোকিওতে এএফসির অন্যান্য দেশগুলোর সঙ্গেও কথা হতে পারে।”

উল্লেখ্য, সম্প্রতি ভুটান সফরকালে দেশটির ফুটবল অবকাঠামো ও সার্বিক উন্নয়নে বড় অঙ্কের আর্থিক সহায়তার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি। সেই সুবাদে বাংলাদেশে ফিফার অর্থায়ন ও ভবিষ্যৎ প্রকল্প নিয়ে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, “আমাদের টেকনিক্যাল সেন্টারে ফিফার একটি বেশ বড় প্রজেক্ট বাস্তবায়নাধীন রয়েছে। সেখানে আরও অতিরিক্ত সহায়তার প্রয়োজন হলে তা দেওয়ার আশ্বাস তিনি ভুটান যাওয়ার পূর্ববর্তী সাক্ষাতকারেই দিয়েছেন। পাশাপাশি আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে বিশ্বের সকল সদস্য দেশের জন্য অনুদানের পরিমাণ বৃদ্ধি করার একটি প্রস্তাব রয়েছে। সেই প্রস্তাবটি পাস হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও ফিফা থেকে বেশ বড় অঙ্কের এক অনুদান পাবে।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে