ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে মৃত্যুদণ্ড

চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া জানিয়েছে, দেশটির সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে ও লি শাংফুকে ঘুষ গ্রহণের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে দণ্ডের সঙ্গে দুই বছরের স্থগিতাদেশ (reprieve) রয়েছে। চীনের সামরিক আদালত তাদের আলাদাভাবে এ রায় দিয়েছে।

 

ওয়েই ফেংহেকে ঘুষ গ্রহণের দায়ে এবং লি শাংফুকে ঘুষ গ্রহণ ও প্রদান উভয় অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং–এর শাসনামলে উভয়েই দেশের কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) সদস্য ছিলেন। ২০২৪ সালে তাদের চীনের কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়।

 

পদে কতদিন ছিলেন?

ওয়েই ফেংহে: ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০১৫ সালে প্রতিষ্ঠিত পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) রকেট ফোর্সের (মিসাইল বাহিনী) প্রথম কমান্ডার ছিলেন।লি শাংফু: ওয়েইয়ের উত্তরসূরি হিসেবে মাত্র কয়েক মাস প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তিনিও রকেট ফোর্সের প্রধানের দায়িত্বে ছিলেন এবং শি জিনপিং নিজে তাকে প্রতিরক্ষামন্ত্রী পদে নিয়োগ দিয়েছিলেন।

 

 

লি শাংফুকে অপসারণের পর রকেট ফোর্সের একাধিক শীর্ষ কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে অপসারণ ও অভিযুক্ত করা হয়। তদন্তে দেখা যায়, লি বিপুল অঙ্কের ঘুষ নিয়েছেন এবং অন্যদেরও ঘুষ দিয়েছেন। তিনি ‘রাজনৈতিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন’ এবং নিজের ও অন্যদের জন্য অনৈতিক সুবিধা আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

ওয়েই ফেংহের বিরুদ্ধেও ২০২৩ সালে তদন্ত শুরু হয়। তিনি ‘বিপুল অর্থ ও মূল্যবান জিনিসপত্র’ ঘুষ হিসেবে গ্রহণ করেছেন এবং কর্মকর্তা নিয়োগে অনৈতিক সুবিধা দিয়েছেন বলে প্রমাণিত হয়। শিনহুয়া জানিয়েছে, তার অপরাধের প্রকৃতি ‘অত্যন্ত গুরুতর’ এবং এর প্রভাব ‘অত্যন্ত ক্ষতিকর’।

 

চীনে মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ কী?
চীনে মৃত্যুদণ্ডের সঙ্গে দুই বছরের স্থগিতাদেশ দেওয়া হলে, ওই সময়ের মধ্যে আসামি যদি আর কোনো অপরাধ না করেন, তাহলে সাধারণত দণ্ডটি যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। এরপর আর সাধারণত কমানো বা জামিনের সুযোগ থাকে না।

 

শি জিনপিংয়ের নেতৃত্বে চীনের সামরিক বাহিনীতে ব্যাপক সংস্কার ও দুর্নীতিবিরোধী অভিযান চলছে। এই দুই শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড সেই অভিযানেরই আরেকটি বড় উদাহরণ। এ ঘটনা চীনের সামরিক নেতৃত্বে দুর্নীতির গভীরতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে