ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ফ্রিল্যান্সারদের রেমিট্যান্স সুবিধায় এনআরবি ব্যাংক ও ফ্যাসেটের নতুন চুক্তি

ফ্রিল্যান্সারদের রেমিট্যান্স সুবিধায় এনআরবি ব্যাংক ও ফ্যাসেটের নতুন চুক্তি

নবপ্রকাশ ডেস্ক:

দেশের ফ্রিল্যান্সার, রিমোট কর্মী এবং অফশোর ব্যবসার মালিকদের কষ্টার্জিত বিদেশি আয় বৈধ ও নিয়মতান্ত্রিক উপায়ে দ্রুত দেশে আনার পথ সুগম করতে এক কৌশলগত রেমিট্যান্স সেবা চুক্তি সই করেছে এনআরবি ব্যাংক পিএলসি এবং ডিজিটাল আর্থিক সেবাদাতা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ফ্যাসেট লাবুয়ান লিমিটেড। বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে প্রযুক্তিভিত্তিক বৈশ্বিক প্রতিষ্ঠান ফ্যাসেটের এটিই প্রথম আনুষ্ঠানিক অংশীদারত্ব।

গত ২২ সেপ্টেম্বর ঢাকার গুলশানে এনআরবি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়।

গ্রাহকদের নতুন সুবিধা ও সরকারি প্রণোদনা

চুক্তির আওতায় আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যাসেটের মাধ্যমে অর্থ আয় করা গ্রাহকেরা এনআরবি ব্যাংকের মাধ্যমে সরাসরি সেই অর্থ বাংলাদেশে নিজেদের ব্যাংক হিসাবে জমা করতে পারবেন। লেনদেনে ব্যাংকের নির্ধারিত হালনাগাদ বৈদেশিক মুদ্রা বিনিময় হার প্রযোজ্য হবে।

এর ফলে দেশের ফ্রিল্যান্সার ও ডিজিটাল পেশাজীবীরা এই প্রথম কোনো দেশীয় ব্যাংকিং চ্যানেলের সুনির্দিষ্ট নথিপত্র (Verified Bank Record) বজায় রেখে বৈদেশিক আয় গ্রহণ করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে রেমিট্যান্সের বিপরীতে সরকারঘোষিত নগদ প্রণোদনা সুবিধা পাওয়ার পথও উন্মুক্ত হলো। এছাড়া ফ্রিল্যান্সার ও অফশোর ব্যবসায়ীদের জন্য রপ্তানি আয়ের কাগজপত্র (PIRC/Encashment Certificate) তৈরির জটিল প্রক্রিয়াও এতে সহজতর হবে।

নিরাপত্তা ও বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুপালন

অনুমোদিত ডিলার (এডি) ব্যাংক হিসেবে এনআরবি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতিমালা মেনে এই রেমিট্যান্স প্রক্রিয়া সম্পাদন করবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গ্রাহকের পরিচিতি যাচাই (KYC) ও মানি লন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত (AML) প্রাথমিক স্ক্রিনিংয়ের দায়িত্ব পালন করবে ফ্যাসেট। অন্যদিকে, টাকা জমা হওয়ার পূর্বে প্রাপকের তথ্য যাচাই ও স্থানীয় পর্যায়ের এএমএল অনুপালন নিশ্চিত করবে এনআরবি ব্যাংক, যা বৈদেশিক লেনদেনকে শতভাগ নিরাপদ ও স্বচ্ছ রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার (সিওও) ও ক্যামেলকো আনোয়ার উদ্দিন বলেন, “রেমিট্যান্স প্রবাহ বাড়ানো ও গ্রাহকসেবা আধুনিক করার লক্ষ্যেই আমাদের এই যৌথ উদ্যোগ। ফ্যাসেটের অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে ফ্রিল্যান্সার ও প্রবাসীরা তাঁদের আয় আরও দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য উপায়ে দেশে আনতে পারবেন।”

ফ্যাসেটের চিফ গ্রোথ অফিসার সাদ নাভিদ পাল অভিমত প্রকাশ করে বলেন, “এনআরবি ব্যাংকের সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশে আমাদের সেবা পৌঁছানোর এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। প্রযুক্তিনির্ভর ও ঝামেলাহীন আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এই কৌশলগত অংশীদারত্ব অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) কিমিয়া সাআদত, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌফিকুল আলম চৌধুরী, কার্ড বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ এবং ফ্যাসেটের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) আসিফ নাহিন তাপস ও গ্লোবাল সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার কাজী সাজিদুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে