ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না : স্বাস্থ্যমন্ত্রী

কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা ও নানা চ্যালেঞ্জ দূর করতে সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সাথে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সাথে দেশের প্রান্তিক অঞ্চল পর্যন্ত মানসম্মত উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘জাতীয় স্বাস্থ্য সুরক্ষা কর্তৃপক্ষ: নকশা ও প্রাতিষ্ঠানিক কাঠামো’ শীর্ষক এক উচ্চপর্যায়ের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানটির যৌথ আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনস্থ স্বাস্থ্য অর্থনীতি ইউনিট।

পর্যায়ক্রমে স্বাস্থ্য সুরক্ষা আইন ও হেলথ ইন্স্যুরেন্স

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “স্বাস্থ্য খাতের সার্বিক সংস্কার ও আধুনিকায়নে সরকার যে ব্যাপক মহাপরিকল্পনা গ্রহণ করেছে, তা সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করতে শতভাগ উপযোগী। তবে একযোগে পুরো দেশে তা বাস্তবায়ন করা অত্যন্ত দুরূহ। তাই সুনির্দিষ্ট কিছু খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে পাইলট স্কিম (Pilot Scheme) হিসেবে এই জাতীয় কার্যক্রম শুরু করার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।”

স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী জানান, বিশ্বের বিভিন্ন উন্নত দেশের স্বাস্থ্য সংক্রান্ত আইন পর্যালোচনা ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করে তা বাংলাদেশে প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

সাধারণ মানুষের পকেট থেকে বিপুল চিকিৎসা খরচ চলে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে হেলথ ইন্স্যুরেন্স (Health Insurance) চালুর বিষয়ে বিশেষ গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, “হঠাৎ গুরুতর অসুস্থতায় নিজের জমানো টাকা দিয়ে চিকিৎসা করতে গিয়ে দেশের হাজার হাজার পরিবার চরম আর্থিক দুর্ভোগ ও দারিদ্র্যের মুখে পড়েন, যা অত্যন্ত বেদনাদায়ক। এই ‘আউট অব পকেট এক্সপেনডিচার’ কমাতেই সার্বজনীন হেলথ ইন্স্যুরেন্স প্রথা চালু করা জরুরি।”

উপজেলা পর্যায়ে এআই প্রযুক্তিতে ক্যানসার স্ক্রিনিং

নারী স্বাস্থ্যের সুরক্ষাকে সরকার অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “গর্ভকালীন মা ও নারীরা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে যেন কোনো ধরনের হয়রানি, বিব্রতকর পরিবেশ বা হেয় প্রতিপন্ন হওয়ার শিকার না হন, তা কঠোরভাবে নিশ্চিত করা হবে।”

তিনি আরও ঘোষণা করেন, “দেশের প্রান্তিক হেলথ সেন্টারগুলোকে সমন্বিত ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এ রূপান্তর করা হচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্র ও চীনে সফলভাবে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির আধুনিক মেশিনের মাধ্যমে অতি স্বল্প খরচে নারীদের ব্রেস্ট ক্যানসার (স্তন ক্যানসার) ও সার্ভিকাল ক্যানসার (জরায়ুমুখ ক্যানসার) টেস্টের প্রাথমিক স্ক্রিনিং ব্যবস্থা দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে চালু করা হবে।”

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের প্রতিনিধি ও চিকিৎসাক্ষেত্রের বিশেষজ্ঞবৃন্দ উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে