সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে চার মাস বয়সী আদিল আহমদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কোনো হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪১ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
মৃত আদিল সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ১০২ জন। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪২৯, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ ও সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৪১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৬, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬৩, রাগিব রাবেয়া মেডিক্যালে তিন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪, ধর্মপাশায় দুই ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে তিনজন রোগী ভর্তি হয়েছে।
বর্তমানে চিকিৎসাধীন ৫১১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭২, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮৩, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আট, নর্থ ইস্টে তিন, পার্কভিউ মেডিক্যালে ১২, সিলেট উইমেন্স মেডিক্যালে দুই, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ, বিশ্বনাথে ছয়, বিয়ানীবাজারে চার, গোলাপগঞ্জ ১৪, ধর্মপাশায় দুই, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬২, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিন, বাহুবলে পাঁচ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন চিকিৎসাধীন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৫, হবিগঞ্জে ২৫, মৌলভীবাজারে ১৪ ও সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৭৮, হবিগঞ্জে ২৯, মৌলভীবাজারে ১৫ ও সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে।
