ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

নবপ্রকাশ ডেস্ক:

জাতীয় মাছ ইলিশের প্রজনন ও অবাধ উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে আজ বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে সরকার ঘোষিত ২২ দিনের বিশেষ নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। নিষেধাজ্ঞা চলাকালীন চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত বিস্তৃত প্রায় ১০০ কিলোমিটার নদীপথকে প্রজনন অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর করতে ইতোমধ্যে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা টাস্কফোর্স। উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ নেতৃত্বে পুরো উপকূলীয় অঞ্চলজুড়ে সচেতনতামূলক প্রচারণা ও মাইকিং অব্যাহত রাখা হয়েছে।

উপজেলা মৎস্য দফতর সূত্রে জানা গেছে, এই উপকূলীয় উপজেলায় প্রায় ২৬ হাজার নিবন্ধিত জেলে ইলিশসহ অন্যান্য মৎস্য আহরণের ওপর নির্ভরশীল। নিষেধাজ্ঞা চলাকালীন কর্মহীন জেলেদের খাদ্যসংকট নিরসনে বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় নিবন্ধিত প্রতিটি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল সহায়তা প্রদান করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এই খাদ্য সহায়তা সরাসরি জেলেদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান জানান, সাধারণ জেলেদের সচেতন করতে মেঘনা নদী ও এর আশপাশের উপকূলীয় অঞ্চলগুলোতে নিবিড় মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টারিং কার্যক্রম চালানো হচ্ছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় প্রজ্ঞাপন বাস্তবায়নে মৎস্য বিভাগ, স্থানীয় উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ ও বাংলাদেশ কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স প্রতিদিন দিন-রাত ২৪ ঘণ্টা নদীতে যৌথ টহল ও অভিযান পরিচালনা করবে।

উল্লেখ্য, বছরের এই নির্দিষ্ট সময়ে বঙ্গোপসাগর থেকে মা-ইলিশ ডিম ছাড়ার উদ্দেশ্যে মিঠাপানির মেঘনা নদীতে উঠে আসে। প্রজনন সুরক্ষা নিশ্চিত করতে এই ২২ দিন অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বাজারি করণ, ক্রয়-বিক্রয়, বিনিময় ও মজুত রাখা আইনত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করে ইলিশ শিকার বা কেনাবেচা করলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার সুযোগ রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে