নবপ্রকাশ ডেস্ক:
রাজশাহীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আব্দুল বারী নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা বাকীর মোড় এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারী ওই এলাকার বদরুল্লাহর ছেলে।
স্থানীয় অধিবাসীরা জানান, ডিঙ্গাডোবা বাকীর মোড় এলাকায় বেশ কিছুদিন ধরে বহিরাগত একদল যুবক প্রকাশ্যে মাদক বেচাকেনা করে আসছিল। শনিবার বিকেলে ওই মাদক কারবারিদের কার্যক্রমে বাধা দেন আব্দুল বারী। এ নিয়ে তাদের সঙ্গে বারীর তীব্র বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে মাদক কারবারিরা এলাকা ত্যাগ করলেও গভীর রাতে প্রায় ৫০ জনের একটি সংঘবদ্ধ যুবকের দল পুনরায় সেখানে হাজির হয়।
তারা রাত ১টার দিকে আব্দুল বারীকে নিজ বাসা থেকে ডেকে বাইরে নিয়ে আসে। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে অস্ত্রধারী যুবকরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। বারীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহত বারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা এখনও আনুষ্ঠানিকভাবে থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করতে আসেননি।
তিনি আরও বলেন, মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত মামলা দায়ের করা হলে তদন্ত সাপেক্ষে ঘটনার মূল কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত হয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।
