নবপ্রকাশ ডেস্ক:
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রির জন্য ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তাঁর দুই সহযোগীকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাঁদের আটক করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন— পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং উমেদার রূপন দাশ।
দুদক সূত্রে জানা গেছে, এক আইনজীবী তাঁর মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী অফিসে জমা দেন। কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও ঘুষের দাবিতে দলিল দুটি আটকে রাখা হয়। সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি নিবন্ধনের বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগের পর লিখিত আবেদন জানান।
অভিযোগের ভিত্তিতে ফাঁদ পেতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা ঘুষ গ্রহণকালে তিনজনকে হাতেনাতে ধরে দুদক টিম। আটক আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।
