নবপ্রকাশ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ার জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, তেহরান জাহাজ চলাচলে ভয় ও হুমকি তৈরি করছে, যার প্রভাব পড়ছে জ্বালানির দামের ওপর।
ভ্যান্সের বক্তব্য অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ পর্যন্ত সামরিক সংঘাতের পরিবর্তে কোনো ধরনের কূটনৈতিক সমাধানের মাধ্যমে শেষ হতে পারে—এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি। ভ্যান্স বলেন, বর্তমান ও আগের ট্রাম্প প্রশাসন এমন অনেক পক্ষের সঙ্গেও আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে, যাদের সঙ্গে অন্যান্য মার্কিন প্রশাসন সাধারণত আলোচনায় যেতে চাইত না।
তবে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ট্রাম্পের হাতে এখনো রয়েছে বলেও উল্লেখ করেন ভ্যান্স। তার ভাষ্য, ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যে এমন সিদ্ধান্ত নিতে পারেন, যার মাধ্যমে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব।
তবে ভ্যান্স বলেন, ট্রাম্প সামরিক সংঘাতের বদলে একটি চুক্তি চান। তিনি দ্রুত ইরানের সঙ্গে বিষয়টির সমাধান করতে আগ্রহী।
ভ্যান্স আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যে প্রভাব ফেলছে, সে বিষয়ে ট্রাম্প অবগত। আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে, অর্থাৎ প্রায় ছয় সপ্তাহের মধ্যে, তিনি বিষয়টির সমাধান করতে চান।
তবে এত কম সময়ের মধ্যে কোনো চুক্তি করা কঠিন হতে পারে বলেও ভ্যান্সের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়। তার মতে, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে হলে ইরানের সঙ্গে একটি চুক্তি গুরুত্বপূর্ণ।
-আল-জাজিরা
