স্পোর্টস ডেস্ক :
বিতর্ক ও সমালোচনার মধ্যে ফিফার পরিচালন কাঠামো সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি কীভাবে পরিচালিত হচ্ছে, তা পর্যালোচনায় একটি স্বাধীন প্রক্রিয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। এর মাধ্যমে সম্ভাব্য উন্নয়নের সুপারিশ পাওয়া যাবে বলে জানিয়েছেন ইনফান্তিনো।
ফিফা কাউন্সিলের সদস্য ও ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনকে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান ইনফান্তিনো। আগামী মাসে কাউন্সিলের বৈঠকের আগে ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও শক্তিশালী করার বিষয়ে পরামর্শ নেওয়ারও প্রস্তাব দিয়েছেন ৫৬ বছর বয়সী এই সুইস-ইতালিয়ান।
ইনফান্তিনোর প্রস্তাবিত আলোচনায় ফিফা সভাপতির ভূমিকা, স্বচ্ছতা, অংশগ্রহণ ও জবাবদিহি বাড়ানোর বাস্তব উপায় নিয়ে আলোচনা হবে। বড় কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আরও শক্তিশালী করাই এর লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে ইনফান্তিনো সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছেন ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) পরিকল্পনা নিয়ে। প্রস্তাবিত এই উদ্যোগের মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিটিং স্বত্ব ব্যবস্থাপনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ছিল। সেই প্রতিষ্ঠানের ২১ শতাংশ অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবও ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা হয় এবং শেষ পর্যন্ত পরিকল্পনাটি ভেস্তে যায়।
