বিনোদন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি চলচ্চিত্র নিয়ে কাজাখস্তানে শুরু হয়েছে ‘আস্তানা এআই চলচ্চিত্র উৎসব ২০২৬’। আয়োজকদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে বড় এআই চলচ্চিত্র প্রতিযোগিতা। কাজইনফর্মের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের আয়োজনে বিশ্বের ১২৫টি দেশ থেকে মোট ৮ হাজার ৬৭টি চলচ্চিত্র জমা পড়েছে।
অংশগ্রহণের দিক থেকে সবচেয়ে বেশি চলচ্চিত্র এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দেশটি থেকে জমা পড়েছে ১ হাজার ৩৯৫টি ছবি। ৮২৯টি চলচ্চিত্র নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আয়োজক কাজাখস্তান। এরপর রয়েছে ভারত, চীন ও দক্ষিণ কোরিয়া—যথাক্রমে ৭০২, ৫৫০ ও ৩৪৯টি চলচ্চিত্র নিয়ে।
উৎসবের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলমাজ ঝালি জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতার ঘোষণা দেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই এত বিপুলসংখ্যক চলচ্চিত্র জমা পড়েছে। তাঁর ভাষ্য, এতে এআইভিত্তিক চলচ্চিত্র নির্মাণ নিয়ে বিশ্বজুড়ে আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়েছে।
উৎসবের সহপ্রতিষ্ঠাতা ও সৃজনশীল পরিচালক আইজাতুল্লা খুসাইন বলেন, এআই ভিডিও প্রযুক্তির দ্রুত বিকাশের সময়ে ২০২৫ সালের ডিসেম্বরে আস্তানায় এই উৎসব আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। তাঁর দাবি, অর্থায়নের পরিমাণ ও জমা পড়া চলচ্চিত্রের সংখ্যার হিসাবে এটি বিশ্বের বৃহত্তম এআই চলচ্চিত্র উৎসব।
এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ‘বসবাসের উপযোগী ভবিষ্যৎ’। এই বিষয়কে কেন্দ্র করে তৈরি হয়েছে প্রায় ৪০ শতাংশ চলচ্চিত্র, যার সংখ্যা ৩ হাজার ১৩৮টি। এ ছাড়া ১৯টি বিভাগে উন্মুক্ত প্রতিযোগিতায় জমা পড়েছে আরও ৪ হাজার ৯২৯টি চলচ্চিত্র।
আয়োজকদের হিসাবে, প্রতিযোগিতায় জমা পড়া সব চলচ্চিত্রের মোট দৈর্ঘ্য ১ লাখ মিনিটেরও বেশি। এসব কাজ তৈরি করেছেন ৪ হাজার ৭৫৬ জন নির্মাতা। চলচ্চিত্র নির্মাণে ব্যবহার করা হয়েছে ৮০টির বেশি এআই মডেল।
এ আয়োজন দেখাচ্ছে, চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন পরীক্ষামূলক পর্যায় পেরিয়ে আন্তর্জাতিক সৃজনশীল প্রতিযোগিতার বড় ক্ষেত্র হয়ে উঠছে।
