ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ৯ শতাংশ সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা

৯ শতাংশ সুদে ঋণ পাবেন উদ্যোক্তারা

বাণিজ্য ডেস্ক

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে অর্থের প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পুনঃঅর্থায়ন চুক্তি করেছে মধুমতি ব্যাংক। এ উদ্যোগের আওতায় সিএমএসএমই খাতের জন্য ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে অর্থায়নের সুযোগ তৈরি হবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান সভাপতিত্ব করেন। মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের অধীনে যোগ্য এসএমই গ্রাহকদের ৯ শতাংশ সুদে ঋণ দেওয়ার কথা জানিয়েছে মধুমতি ব্যাংক। এর মাধ্যমে ছোট ও মাঝারি ব্যবসায়ীদের চলতি মূলধনের চাহিদা পূরণে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, নতুন অর্থায়ন সুবিধা দেশের সিএমএসএমই খাতে ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোতে অর্থের জোগান বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনার সুযোগ তৈরি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, সিএমএসএমই বিজনেস সাপোর্ট বিভাগের প্রধান জাহিদ আল মুনতাসিরসহ দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর কার্যক্রম শুরু করা মধুমতি ব্যাংকের বর্তমানে দেশজুড়ে ৫৬টি শাখা ও ৬টি উপশাখা রয়েছে। ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ এর মোট আমানতের পরিমাণ দাঁড়ায় ৯ হাজার ২৯২ কোটি টাকা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে