ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় চারজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার চালানো ‘ব্যাপক’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৩ জন।
মঙ্গলবার ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
গ্রীষ্মের ছুটির পর মঙ্গলবার ইউক্রেনের শিশুদের স্কুলে ফেরার কথা ছিল। এর মধ্যেই সম্ভাব্য আরো রুশ হামলার আশঙ্কায় দেশটির নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, ‘কিয়েভ অঞ্চলে রাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও হামলাকারী ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালানো হয়েছে।’
প্রায় এক ডজন বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়। এর কিছুক্ষণ আগে ইউক্রেনের বিমানবাহিনী কিয়েভের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আসার বিষয়ে সতর্ক করেছিল।
কিয়েভ শহরের সামরিক প্রশাসন জানিয়েছে, রাজধানীতে হামলায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
কিয়েভের দক্ষিণাঞ্চলে অবস্থিত বরিসপিল এলাকায় হামলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এতে একজন নিহত ও একজন আহত হন বলে তাকাচেঙ্কো জানান।
এছাড়া একটি আবাসিক ভবনে হামলার ঘটনায় আরো আটজন আহত হয়েছে।
এর আগে, ইউক্রেনের বিমানবাহিনী সতর্ক করে বলেছিল, ‘কিয়েভ ও আশপাশের এলাকায় ব্যালিস্টিক অস্ত্রসহ অন্যান্য ধরনের হামলার ঝুঁকি এখনো রয়েছে।’
একই সাথে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার ইউক্রেনের শিশুরা নতুন শিক্ষাবর্ষে স্কুলে ফিরছে। এ কারণে কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসন উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বড় ধরনের কোনো অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে।
সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে কিয়েভ ও আশপাশের এলাকাগুলো রাশিয়ার ধারাবাহিক ড্রোন হামলার চাপে রয়েছে। হামলায় জেট-চালিত ড্রোনও ব্যবহার করা হচ্ছে।
এসব হামলার কারণে কোনো কোনো দিন রাজধানী ও এর আশপাশের এলাকায় প্রায় উপর্যুপরি হামলার সতর্কতা জারি হয়েছে।
সূত্র : বাসস
