লিভারপুলের সংখ্যালঘু মালিকানা কিনে নিয়েছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস-সমর্থিত একটি বিনিয়োগকারী কনসোর্টিয়াম। ক্লাবটির মালিকানা কাঠামোয় বড় পরিবর্তন এলেও নিয়ন্ত্রণ থাকছে বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপের (এফএসজি) হাতেই।
চুক্তি অনুযায়ী লিভারপুলের এক তৃতীয়াংশ মালিকানা কিনেছে ১৮৯২ হোল্ডিংস কনসোর্টিয়াম। লিভারপুলের মালিকপক্ষ নিশ্চিত করেছে, বিক্রির চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে চুক্তিটি সম্পন্ন করতে প্রিমিয়ার লিগ এবং যুক্তরাজ্যের নতুন স্বাধীন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উভয়ের অনুমোদন লাগবে।
১৬ বছর আগে আর্থিক সংকটে থাকা লিভারপুলকে মাত্র ৩০০ মিলিয়ন পাউন্ডে কিনেছিল এফএসজি। সেই সময় থেকে ক্লাবটির আর্থিক ও ক্রীড়াগত অবস্থানে ব্যাপক পরিবর্তন এসেছে। মালিকানা বিক্রির সময় পুরো ক্লাবের মূল্যায়ন করা হয়েছে ৭ বিলিয়ন ডলার বা ৫.২ বিলিয়ন পাউন্ড।
নতুন কনসোর্টিয়ামের নেতৃত্বে রয়েছেন অমিত ভাটিয়া, তার শ্বশুর ভারতীয় স্টিল ব্যবসায়ী ও বিলিয়নিয়ার লক্ষ্মী মিত্তাল। ভাটিয়া লিভারপুলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব নেবেন।
ভাটিয়া বলেন, ‘মালিক হিসেবে এফএসজির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও প্রশংসা রয়েছে এবং অ্যানফিল্ডে তারা যা অর্জন করেছে, তার জন্য আমরা তাদের সম্মান করি। এমন একটি ক্লাবের অংশীদার হতে পারা বিশাল সম্মানের।’
তিনি আরও বলেন, ‘আমরা লিভারপুলে বিনিয়োগ করছি কারণ ক্লাব ও এর নেতৃত্বের ওপর আমাদের গভীর বিশ্বাস রয়েছে। আগামী বছরগুলোতে ক্লাবের সাফল্যকে সমর্থন করার জন্য আমরা উন্মুখ।’
কনসোর্টিয়ামের পক্ষ থেকে বোর্ডে যোগ দেবেন আরও দুজন—এলেন সেভেরিন, যার স্বামী এডুয়ার্ডো সেভেরিন ফেসবুকের অন্যতম সহপ্রতিষ্ঠাতা, এবং উদ্যোক্তা ব্রায়ান বম। তবে জেফ বেজোস নিজে লিভারপুলের বোর্ডে থাকছেন না। ফোর্বসের হিসাবে তার সম্পদের পরিমাণ ২৭০ বিলিয়ন ডলারের বেশি। বর্তমানে বিশ্বের ধনীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বেজোস।
এফএসজি প্রেসিডেন্ট মাইক গর্ডন বলেন, ‘লিভারপুল সবসময় এক মৌসুমের বাইরে চিন্তা করে গড়ে উঠেছে এবং ক্লাবের দীর্ঘমেয়াদি স্বার্থকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই দর্শনই বিশ্বের সম্মানিত বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের আকৃষ্ট করে চলেছে।’
নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরুর মাত্র এক সপ্তাহ আগে এ বিনিয়োগের খবর এল। আর্নে স্লটকে মে মাসে বরখাস্ত করার পর নতুন কোচ আন্দোনি ইরাওলার অধীনে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মৌসুম শুরু করতে যাচ্ছে লিভারপুল।
