ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার ৪৫ নম্বর ওয়ার্ডের নদীবন্দর রোডের খাজা বাবা জামে মসজিদসংলগ্ন তুরাগ নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো জামালপুরের ইসলামপুর উপজেলার বেনওয়ার চর গ্রামের আনিসুল হকের ছেলে শামীম (১৩) এবং নেত্রকোনার আটপাড়া উপজেলার সিরামপাশা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আফনান (১৩)। তারা উভয়েই টঙ্গীর বউবাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করত এবং টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যা নিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, সকালে তিন বন্ধু স্থানীয় একটি মাঠে খেলাধুলা শেষে তুরাগ নদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পানির তীব্র স্রোতে শামীম ও আফনান তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অপর শিক্ষার্থী শিপন সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পায়।

ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

পরিদর্শক ফিরোজ উদ্দিন আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে