ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিক্ষোভে উত্তাল ফ্রান্স: পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, বন্ধ ৫০০ স্কুল

বিক্ষোভে উত্তাল ফ্রান্স: পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, বন্ধ ৫০০ স্কুল

নবপ্রকাশ ডেস্ক

ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও সহিংস বিক্ষোভের মুখে ৫০০টিরও বেশি বিদ্যালয় আংশিক বা পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। স্কুলের পরিবেশ এবং সুযোগ-সুবিধা উন্নয়নের দাবিতে প্রায় দুই সপ্তাহ ধরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের চলা এই আন্দোলন এখন দেশজুড়ে গণবিক্ষোভে রূপ নিয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, এই কর্মসূচিতে সারা দেশে ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ রাজপথে নেমে আসেন। তবে পুলিশ জানিয়েছে, বিভিন্ন শহরের বিক্ষোভে প্রায় দুই লাখ মানুষ অংশ নেন এবং কেবল রাজধানী প্যারিসেই সমাবেশ করেন প্রায় ৫৬ হাজার আন্দোলনকারী।

দেশের বেশিরভাগ স্থানে প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ হলেও প্যারিসসহ বেশ কয়েকটি বড় শহরে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সহিংস সংঘর্ষ ঘটে। প্যারিস ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে ব্যারিকেড তৈরি ও আগুন জ্বালানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। কেবল মঙ্গলবারই সারা দেশে প্রায় ৫০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪৩ জন পুলিশ সদস্য।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু জানিয়েছেন, গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই সহিংস আন্দোলনে এ পর্যন্ত অন্তত ২১৫ জন কিশোর-শিক্ষার্থী এবং ৮৫ জন স্কুলকর্মী আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতি ও নিরাপত্তার কথা বিবেচনা করে দেশজুড়ে প্রায় ৫০০ উচ্চবিদ্যালয়ে (লিসে) শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী এই সংকটকে ‘কয়েক দশকের মধ্যে ফ্রান্সের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ক্ষতি’ বলে বর্ণনা করেছেন।

অন্যদিকে পুলিশি পদক্ষেপ নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে। আন্দোলনকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ, টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন স্থানীয় ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার সংগঠন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও তরুণ ও অপ্রাপ্তবয়স্ক আন্দোলনকারীদের ওপর ‘অসামঞ্জস্যপূর্ণ পুলিশি দমনপীড়ন’ অবিলম্বে বন্ধের জোর দাবি জানিয়েছে।

শ্রেণিকক্ষে শিক্ষকের ঘাটতি, অতিরিক্ত শিক্ষার্থীর চাপ ও অবকাঠামোগত বেহাল দশা দূর করার সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে