ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ৬ মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরলো বাঘিনী

৬ মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরলো বাঘিনী

বাগেরহাট প্রতিনিধি: শিকারিদের পাতা ফাঁদে গুরুতর আহত হওয়ার দীর্ঘ ছয় মাস পর চিকিৎসা ও পুনর্বাসন শেষে আবারও নিজ আবাসস্থল সুন্দরবনে ফিরেছে একটি রয়েল বেঙ্গল টাইগার। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাণীটি এখন পুরোপুরি সুস্থ। বন বিভাগের দাবি, চিকিৎসার মাধ্যমে সুস্থ করে উদ্ধার হওয়া কোনো বাঘকে আবার বনে ফিরিয়ে দেয়ার ঘটনা দেশে এটিই প্রথম।

বন বিভাগ সূত্রে জানা যায়, বিশেষ ব্যবস্থায় নদীপথে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক এলাকায় নেয়া হয় বাঘটিকে। সেখানে টানা বৃষ্টির মধ্যেই খাঁচার দরজা খুলে দিতেই মুহূর্তের মধ্যে বনভূমির গভীরে মিলিয়ে যায় বাঘিনীটি। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত থেকে বাঘটিকে অবমুক্ত করেন।

গত ৪ জানুয়ারি সুন্দরবনের পূর্ব বন বিভাগের সড়কিখাল এলাকায় শিকারিদের পাতা হরিণ ধরার ফাঁদে আটকে সামনের বাম পায়ে গুরুতর আহত হয় বাঘটি। পরে সেটিকে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেয়া হয়। সেখানে প্রায় ছয় মাসের নিবিড় চিকিৎসা ও পরিচর্যার পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠে প্রাণীটি। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার স্বাভাবিক চলাফেরা, ক্ষিপ্রতা ও শিকারি আচরণ ফিরে আসায় অবশেষে তাকে বনে ফিরিয়ে দেয়া হলো।

গাজীপুর সাফারি পার্ক ও বন বিভাগের ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইন বলেন, ‘দীর্ঘ ছয় মাস চিকিৎসা দিয়ে পুরোপুরি সুস্থ করে বাঘিনীটিকে সুন্দরবনে তার আবাসস্থানে ফিরিয়ে দিতে পারাটা একটি মাইলফলক হয়ে থাকল। প্রথমে শঙ্কায় ছিলাম যে পুরোপুরি সুস্থ করতে কতদিন লাগে। আমাদের টিমের সর্বাত্মক চেষ্টার ফলে আজ বাঘটিকে স্বাভাবিকভাবে সুন্দরবনে অবমুক্ত করতে পেরেছি।’

প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী বলেন, ‘অসুস্থ বাঘটিকে সুস্থ করে সুন্দরবনে উন্মুক্ত করতে পারাটা একটি চ্যালেঞ্জ ছিল। সুন্দরবন রক্ষায় প্রাণ-প্রকৃতি আমাদের যেকোনোভাবে রক্ষা করতে হবে। আমরা যাতে বনের ওপর কোনোভাবে প্রভাব না ফেলি, এজন্য সকলকে সচেতন থাকতে হবে।’

বন সুরক্ষায় নিজেদের সীমাবদ্ধতা ও উদ্যোগের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের জনবল কম থাকলেও আমরা চেষ্টা করে যাচ্ছি, যাতে আগামীতে জনবল ও নৌযান বৃদ্ধি করে সুন্দরবনকে সুরক্ষা দিতে পারি। সুন্দরবনের কোনো প্রাণী যাতে লোকালয়ে প্রবেশ করতে না পারে, তার জন্য আমরা ৩৫ কিলোমিটার নাইলনের বেড়া দিয়েছি। যার ফলাফল আমরা ইতোমধ্যে পেয়েছি; এই বছরে কোনো প্রাণী লোকালয়ে ঢুকতে পারেনি। সুন্দরবন সুরক্ষায় বন বিভাগ বদ্ধপরিকর।’

অবমুক্তির পর বাঘটির গতিবিধি, চলাচল, অভিযোজন ও নিরাপত্তা পর্যবেক্ষণে তার বিচরণ এলাকায় ২০টি ক্যামেরা ট্র্যাপ বসিয়েছে বন বিভাগ।

এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘অপরাধ দমন, আবাসস্থল সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করে সুন্দরবনের বাঘের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।’

বন বিভাগের সর্বশেষ বাঘশুমারি অনুযায়ী, বর্তমানে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ১২৫টি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে