ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ৫৯ ম্যাচ পর গোল নেই বায়ার্নের

৫৯ ম্যাচ পর গোল নেই বায়ার্নের

জার্মান বুন্দেসলিগায় বরাবরই একচ্ছত্র আধিপত্য বায়ার্ন মিউনিখের। তবে সেই দাপটে এবার যেন ছেদ পড়ল। শনিবার রাতে বুন্দেসলিগায় ১৮ মাসেরও বেশি সময় পর প্রথমবার গোল করতে ব্যর্থ বাভারিয়ানরা।

বুন্দেসলিগায় প্রমোশন পাওয়া শালকের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বায়ার্ন। এর ফলে টানা ৫৯টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার পর এবার প্রথমবার গোলশূন্য থাকল ভিনসেন্ট কোম্পানির দল।

ম্যাচে শালকের গোলকিপার লোরিস কারিয়ুস দুর্দান্ত কিছু সেভ করে বায়ার্নকে গোলবঞ্চিত রাখেন। বায়ার্নের হয়ে গোল করার সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিলেন লুইস দিয়াজ। বিরতির আগে ও পরে দুবার একা গোলকিপার লরিস কারিয়ুসকে পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি।

প্রথমবার গোলকিপারের সঙ্গে ওয়ান-অন-ওয়ান অবস্থায় দিয়াজের শট লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে কারিয়ুসকে টপকে চিপ করে বল জালে পাঠানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বল গোললাইন অতিক্রম করার আগেই সেটি ক্লিয়ার করে দেন শালকের ডিফেন্ডার।

শালকের বিপক্ষে একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন কোচ কোম্পানি। শুরুতে বেঞ্চে ছিলেন হ্যারি কেইন ও মাইকেল অলিসে। বিরতির পর মাঠে নামেন কেইন, অলিসে ও জামাল মুসিয়ালা।

চলতি মৌসুমে মুসিয়ালার এটি প্রথম লিগ ম্যাচ। প্রাক-মৌসুমের দুটি ম্যাচে খেলার সময় খিঁচুনি হওয়ার পর এবারই প্রথমবারের মতো চলতি মৌসুমে দলে ছিলেন তিনি। তবে শেশ পর্যন্ত শালকের রক্ষণ ভাঙতে পারেনি বায়ার্নের কেউই।

এই ম্যাচে বায়ার্নের টানা ৪৭টি বুন্দেসলিগা ম্যাচে গোল করার রেকর্ডেরও অবসান ঘটল। এর আগে সবশেষ ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি লিগ ম্যাচে গোল করতে পারেনি কোম্পানির দল। বায়ার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচটি গোলশূন্য শেষ হয়েছিল।

শুধু বুন্দেসলিগা নয়, সব প্রতিযোগিতা মিলিয়েও ২০২৫ সালের জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে ২-০ গোলে হারের পর থেকে প্রতিটি ম্যাচেই গোল করেছিল বায়ার্ন। শালকের বিপক্ষে সেই ধারাটিও থেমে গেল।

ম্যাচ শেষে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘আমাদের সুযোগ ছিল, বড় কিছু সুযোগও পেয়েছিলাম। গোলকিপারের সঙ্গে একেবারে একা হয়ে যাওয়ার মতো দুই-তিনটি সুযোগও পেয়েছিলাম। আপনি যখন এমন একটি গোছানো ও আক্রমণাত্মক দলের বিপক্ষে খেলবেন, তখন পাওয়া সুযোগগুলো কাজে লাগিয়ে গোল করতেই হবে। সুযোগের বিচারে আমরা ম্যাচটি জিততে পারতাম। কিন্তু এটাই ফুটবল।’

বায়ার্নের বিপক্ষে ২০১৭ সালের পর এবারই প্রথম কোনো পয়েন্ট পেল শালকে।

বায়ার্নের গোলকিপার ম্যানুয়েল নয়্যারও প্রতিপক্ষের গোলকিপার কারিয়ুসের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘লোরিস কারিয়ুস অসাধারণ খেলেছে। ম্যাচসেরার পুরস্কার পাওয়ার জন্য সে-ই সবচেয়ে যোগ্য ছিল। আমরা তিনটি বড় সুযোগ পেয়েছিলাম, কিন্তু সে সেগুলো ঠেকিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আমরা ম্যাচটি জিততে না পারার পেছনে এটিই ছিল সবচেয়ে বড় কারণ।’

এই ড্রয়ের ফলে আরও একটি দীর্ঘ ধারার অবসান ঘটেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম বুন্দেসলিগার শীর্ষে নেই বায়ার্ন। টানা ৬৭ ম্যাচডে প্রথম অবস্থানে থাকার পর এবার তারা শীর্ষস্থান হারাল।

বর্তমানে বুন্দেসলিগার শীর্ষে রয়েছে ফ্রাইবুর্গ। দুই ম্যাচে শতভাগ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে বায়ার্ন।

বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বডো/গ্লিম্টের মুখোমুখি হবে বায়ার্ন। এরপর ১৩ সেপ্টেম্বর বুন্দেসলিগায় নতুন উঠে আসা এলভার্সবার্গের মাঠে খেলতে যাবে তারা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে