ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ৩ দফা দাবিতে ভিসির কাছে জকসুর স্মারকলিপি

৩ দফা দাবিতে ভিসির কাছে জকসুর স্মারকলিপি

বিশেষ বৃত্তির বকেয়া অর্থ দ্রুত বিতরণ, নির্মাণাধীন আবাসিক হলের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এর কাছে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

শনিবার (৫ জুলাই) উপাচার্য বরাবর দেওয়া এ স্মারকলিপিতে শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিভিন্ন ন্যায্য ও যৌক্তিক দাবির বিষয় তুলে ধরে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে জকসু নেতারা বলেনঃ দীর্ঘদিন ধরে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প, আবাসন সংকট এবং বিশেষ বৃত্তির অর্থপ্রাপ্তি নিয়ে শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ সময়ের দাবি।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প বাস্তবায়ন শিক্ষার্থীদের বহুদিনের প্রত্যাশা। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

তাই দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ চলতি জুলাই মাসের মধ্যেই সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে, যাতে দ্রুত নির্মাণকাজ শুরু করা যায়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আবাসন সংকটের বিষয়টিও স্মারকলিপিতে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বর্তমানে অধিকাংশ শিক্ষার্থী আবাসিক সুবিধার বাইরে থেকে উচ্চ ব্যয়ে পড়াশোনা চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় নির্মাণাধীন হাবিবুর রহমান হল ও বাণী ভবন হলের
নির্মাণকাজ ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ বৃত্তির বকেয়া অর্থ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে জকসু। স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ঘোষণা করলেও এখনো অনেক শিক্ষার্থী সেই অর্থ পাননি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই অর্থ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। তাই অতিদ্রুত বকেয়া বৃত্তির অর্থ বিতরণের দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে জকসুর পক্ষ থেকে তিনটি নির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— চলতি জুলাই মাসের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে হাবিবুর রহমান হল ও বাণী ভবন হলের নির্মাণকাজ সম্পন্ন করা এবং বিশেষ বৃত্তির বকেয়া অর্থ দ্রুত শিক্ষার্থীদের মাঝে বিতরণ।

জকসুর নেতারা আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট এসব দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে। একই সঙ্গে তারা উপাচার্যের প্রতি শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর সহ-সভাপতি মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা ও কার্যকর পদক্ষেপই পারে এসব সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে