নবপ্রকাশ ডেস্ক:
আগামী বছরের (২০২৭) জানুয়ারি মাস থেকে ধাপে ধাপে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ২০২৭ সালের ৬ জুনের মধ্যে নির্বাচনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে সরকারের এই পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সরকারের রয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে শুরু করে ৬ জুনের মধ্যে দেশের সকল স্থানীয় নির্বাচন সম্পন্ন করার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ চলছে।
নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করার বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনকে ঘিরে কোনো প্রকার অনিয়ম বা কলঙ্কের দায় বর্তমান সরকার নেবে না। যেকোনো মূল্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সরকার বদ্ধপরিকর এবং বিতর্কিত কোনো কর্মকাণ্ডের দায়ভার সরকার বহন করবে না।
সার বিতরণ ও মাঠপর্যায়ে কৃত্রিম সংকট তৈরি প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, সার নিয়ে যা হচ্ছে তা একটি বিশেষ রাজনৈতিক দলের চক্রান্ত। যেসব নির্বাচনী এলাকায় তাদের সংসদ সদস্যরা রয়েছেন, সরকারকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে মূলত সেসব এলাকাতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সার লুট ও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে।
তিনি আরও স্পষ্ট করেন যে, কৃষকরা যাতে সার নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা বা বিভ্রান্তির মুখোমুখি না হন, সে বিষয়ে সরকার কঠোর মনিটরিং নিশ্চিত করছে। স্থানীয় পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বা কালোবাজারি থাকলে তা খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
