স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ শুরুর আর মাত্র ২৯ দিন বাকি। উত্তর আমেরিকায় ফিরতে চলা এবারের আসরে (৪৮ দলের বিশ্বকাপ) মাঠে শুধু ফুটবলাররাই নয়, জ্বলজ্বল করবে তাদের জার্সিও। দেশের রং ও গর্বের প্রতীক এই কিটগুলো ডিজাইন করছে বিশ্বের শীর্ষস্থানীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ডগুলো।
এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জার্সি তৈরি করছে জার্মান ব্র্যান্ড অ্যাডিডাস। মোট ১৪টি দলের কিট ডিজাইন করেছে তারা — যা ৪৮ দলের প্রায় এক-তৃতীয়াংশ। অ্যাডিডাসের তালিকায় রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, জাপান ও সহ-আয়োজক মেক্সিকোর মতো শক্তিশালী দল। ফুটবল-কেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে অ্যাডিডাসের এই সাফল্য উল্লেখযোগ্য।
নাইকি রয়েছে দ্বিতীয় অবস্থানে। তারা ১২টি দলের জার্সি তৈরি করছে। এর মধ্যে দুই সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা অন্যতম। মার্চ মাসে প্রকাশিত যুক্তরাষ্ট্রের হোম ও অ্যাওয়ে জার্সিতে তারা-ছাপা এবং ডোরাকাটা ডিজাইন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
পুমা ডিজাইন করেছে ১১টি দলের কিট। পর্তুগাল, মরক্কোসহ কয়েকটি আকর্ষণীয় দল তাদের তালিকায় রয়েছে।
ছোট ব্র্যান্ডেরও জয়জয়কার
বড় তিন ব্র্যান্ডের বাইরেও এবারের বিশ্বকাপে দেখা যাবে নানা ছোট ও স্থানীয় ব্র্যান্ড। স্প্যানিশ ব্র্যান্ড কেলমে জর্ডান ও বসনিয়া ও হার্জেগোভিনার জার্সি তৈরি করেছে। তিনটি দেশ পুরোপুরি স্থানীয় ব্র্যান্ড বেছে নিয়েছে:
ইকুয়েডর — ম্যারাথন
ইরান — মেরুজ
উজবেকিস্তান — ৭সেবার
এছাড়া অন্যান্য ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে ক্যাপেলি স্পোর্ট (কেপ ভার্দে), আামব্রো (কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক), সায়েতা (হাইতি), জাকো (ইরাক), রিবক (পানামা) এবং কাপ্পা (তিউনিসিয়া)।
বিশ্বকাপে জার্সি শুধু খেলোয়াড়দের পোশাক নয়, এটি জাতীয় গর্ব, ফ্যাশন এবং বাণিজ্যিক প্রতিযোগিতারও প্রতীক। লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী অপেক্ষায় আছেন কোন দলের নতুন জার্সি সবচেয়ে বেশি মাথা ঘুরিয়ে দেবে। ২০২৬ বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি জার্সির এই প্রতিযোগিতাও থাকবে চোখে পড়ার মতো।
বিশ্বকাপ কিট প্রস্তুতকারী সমস্ত কোম্পানির একটি সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া হলো:
অ্যাডিডাস (১৪): আলজেরিয়া, আর্জেন্টিনা, বেলজিয়াম, কলম্বিয়া, কুরাকাও, জার্মানি, জাপান, মেক্সিকো, কাতার, সৌদি আরব, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্পেন, সুইডেন
নাইকি (১২): অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, উরুগুয়ে
পুমা (১১): অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, মিশর, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, নিউজিল্যান্ড, প্যারাগুয়ে, পর্তুগাল, সেনেগাল, সুইজারল্যান্ড
কেলমে: বসনিয়া ও হার্জেগোভিনা, জর্ডান
ক্যাপেলি স্পোর্ট: কেপ ভার্দে
আমব্রো: ডিআর কঙ্গো
ম্যারাথন: ইকুয়েডর
সায়েতা: হাইতি
মেরুজ: ইরান
জাকো: ইরাক
রিবক: পানামা
কাপা: তিউনিসিয়া
৭সাবের: উজবেকিস্তান
