শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে। এই সময়ের মধ্যে শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং এখন সেগুলো সমাধানে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, কিউএস র্যাংকিংয়ে উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে মূল্যায়ন করা হয়, সার্কভুক্ত দেশগুলোর ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা থাকা উচিত। এমনটি হলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও ভালো হতে পারত বলে মন্তব্য করেন তিনি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো পিএইচডি ডিগ্রি চালু না হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন এহছানুল হক মিলন। তিনি জানতে চান, এত বছরেও কেন এসব বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কার্যক্রম চালু করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক মেধাবী গবেষক রয়েছেন, যারা নিজেদের জ্ঞান ও দক্ষতা অন্য দেশের উন্নয়নে কাজে লাগাচ্ছেন। অথচ দেশের সেই মেধাবীদের যথাযথভাবে চিহ্নিত ও কাজে লাগাতে না পারা বাংলাদেশের একটি বড় ব্যর্থতা।
