নবপ্রকাশ ডেস্ক
সাবেক আইনমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনিসুল হকের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বড় একটি অংশের সন্ধান মিলেছে তার নিকটাত্মীয় ও স্বার্থসংশ্লিষ্ট তিন ব্যক্তির নামে। তদন্ত শেষে তার স্বনামে ও বেনামে থাকা মোট ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদের তথ্য পেয়ে আদালত চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ চার্জশিট দাখিলের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, সাবেক এই মন্ত্রীর স্বনামে ও বেনামে মোট ১৮০ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ৮৮১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। তার বৈধ আয় থেকে পারিবারিক প্রয়োজনীয় ব্যয় বাদ দেওয়ার পর নিট গ্রহণযোগ্য আয়ের পরিমাণ দাঁড়ায় ৮ কোটি ৬১ লাখ ৪০ ৯৪০ টাকা। ফলে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৭২ কোটি ২৪ লাখ ৩২ ৯৪১ টাকা।
দুদকের অনুসন্ধানে আনিসুল হকের নিজ নামে ৯৬ কোটি ৮০ লাখ ৬৬ হাজার ৮৮০ টাকার সম্পদ মিলেছে। এর পাশাপাশি তার সাথে স্বার্থসংশ্লিষ্ট তিন ব্যক্তির নামে আরও ৮৪ কোটি ৫ লাখ ৭ হাজার ১ টাকার সম্পদের প্রমাণ পেয়েছে সংস্থাটি।
স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের বিবরণ:
-
জেবুন্নেসা বেগম হক (ছোট ভাইয়ের স্ত্রী): ২৩ কোটি ৩২ লাখ ২ হাজার ৩২১ টাকার অস্থাবর সম্পদ। এর মধ্যে রয়েছে সিটিজেনস ব্যাংকের ১০ কোটি টাকার শেয়ার ও ১৩ কোটি টাকার এফডিআর।
-
শেখ মো. ইফতেখারুল ইসলাম (ভাগ্নে): ২০ কোটি ৭১ লাখ ৮১ ৪৪৪ টাকার অস্থাবর সম্পদ, যার একটি বড় অংশ সিটিজেনস ব্যাংকের শেয়ার (২০ কোটি টাকার বেশি)।
-
মোহাম্মদ ইকবাল (কাজিন পরিচয়ধারী): ৪০ কোটি ১ লাখ ২৩ হাজার ২৩৬ টাকার অস্থাবর সম্পদ, যার সিংহভাগই সিটিজেনস ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করা।
২০২৫ সালের ১ জানুয়ারি দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি নিজেই মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তদন্তে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধের প্রমান মেলে। তদন্ত কার্যক্রম শেষে আনিসুল হকসহ চারজনকেই অভিযুক্ত করে আদালতে আনুষ্ঠানিকভাবে এই চার্জশিট জমা দেওয়া হলো।
