নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার (১৪ আগস্ট ২০২৬): আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে শুক্রবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল, গণপরিবহন কেন্দ্র ও সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীজুড়ে পিকেটিং ও চেকপোস্ট ডিউটি পরিচালনার পাশাপাশি মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম আরও জোরদার থাকবে। অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকবেন।
এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিট সুইপিং কার্যক্রম পরিচালনা করবে। বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ড্রোনের মাধ্যমেও সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।
ডিএমপি জানিয়েছে, সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদা পোশাকে গোয়েন্দা কার্যক্রম ও তথ্য সংগ্রহ অব্যাহত রাখবেন। একই সঙ্গে সার্বিক নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত র্যাব (RAB) ও সিআইডি (CID) টিমও মোতায়েন থাকবে।
যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি স্বাভাবিক মোতায়েনের বাইরে অতিরিক্ত পুলিশ সদস্যদের রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোরেল স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, শপিংমল এবং অন্যান্য সংবেদনশীল এলাকায় দায়িত্ব পালন করতে দেখা যাবে।
ডিএমপি আরও জানিয়েছে, সংস্থাটির সব ঊর্ধ্বতন কর্মকর্তা মাঠপর্যায়ে থেকে নিজ নিজ অধিক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে তদারকি করবেন, যাতে রাজধানীবাসী নির্বিঘ্নে চলাচল ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন।
