ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » হঠাৎ স্থগিত আইডিইবি নির্বাচন, সময়সীমা পেরোলে বসতে পারে প্রশাসক

হঠাৎ স্থগিত আইডিইবি নির্বাচন, সময়সীমা পেরোলে বসতে পারে প্রশাসক

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর বহুল আলোচিত নির্বাচন হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। আগামী ২৫ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনের এক আদেশে নির্বাচন স্থগিত হওয়ায় প্রকৌশলী মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা প্যানেল বিভাজন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিভিন্ন পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই এ সিদ্ধান্ত এলো।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে আইডিইবির নির্বাচন কমিশনার স্বাক্ষরিত এক আদেশে নির্বাচন স্থগিতের বিষয়টি জানানো হয়। তবে নির্বাচন স্থগিতের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে নির্বাচন সংশ্লিষ্ট প্রার্থীদের পাশাপাশি সাধারণ সদস্যদের মধ্যেও নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে আইডিইবিতে কয়েকটি প্যানেল গঠিত হয়। শুরু থেকেই এসব প্যানেল নিয়ে সংগঠনটির ভেতরে মতপার্থক্য দেখা দেয়। বিশেষ করে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একাংশের নেতাকর্মীরা অভিযোগ করেন, ঘোষিত দুটি প্যানেলে মূলধারার জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধিদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাদের দাবি, এসব প্যানেলে অতীত রাজনৈতিক প্রেক্ষাপটে বিতর্কিত ব্যক্তিদের এবং বিভিন্ন স্বার্থগোষ্ঠীর প্রতিনিধিদের স্থান দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে গত ১৭ জুন জাতীয়তাবাদী আদর্শের অনুসারী নেতৃবৃন্দ পৃথক একটি প্যানেল ঘোষণা করেন। প্যানেল ঘোষণার সময় তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী চেতনাকে সামনে রেখেই তাদের এই উদ্যোগ। ওই প্যানেল ঘোষণার পর থেকেই নির্বাচনী সমীকরণে পরিবর্তন আসতে শুরু করে বলে দাবি সংশ্লিষ্ট নেতাদের।

জাতীয়তাবাদী প্যানেলের নেতাদের ভাষ্য, নতুন প্যানেল ঘোষণার পর সারাদেশে ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং তাদের প্রতি সমর্থন দ্রুত বৃদ্ধি পায়। ফলে নির্বাচনে তাদের বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। এ অবস্থায় প্রতিদ্বন্দ্বী পক্ষগুলো নিজেদের অবস্থান দুর্বল মনে করে নির্বাচন স্থগিতের পেছনে ভূমিকা রেখেছে বলে অভিযোগ তাদের।

দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, “যখন ডিইএ্যাবের ঊর্ধ্বতন নেতারা নিজেদের আদর্শিক অবস্থান থেকে সরে এসে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন, তখন প্রকৃত জাতীয়তাবাদী শক্তি একটি স্বতন্ত্র প্যানেল গঠন করে। এরপর থেকেই নির্বাচনের চিত্র বদলে যেতে থাকে। সারাদেশে জাতীয়তাবাদী আদর্শের সমর্থন বৃদ্ধি পাওয়ায় অন্য পক্ষগুলো নিজেদের অবস্থান দুর্বল মনে করে। নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত থেকেই বোঝা যায় যে জাতীয়তাবাদী প্যানেলের বিজয়ের সম্ভাবনা ছিল অত্যন্ত প্রবল।”

অপর এক ডিইএ্যাব নেতা বলেন, “যারা জিয়ার আদর্শের কথা বলেও বিভিন্ন স্বার্থে অন্যদের সঙ্গে সমঝোতা করে প্যানেল গঠন করেছেন, মূল দলের নেতাকর্মীদের কাছে এখন তাদের রাজনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এ কারণেই মাঠের বাস্তবতা পরিবর্তিত হয়েছে।”

তবে জাতীয়তাবাদী প্যানেলের এসব অভিযোগের বিষয়ে অন্য দুটি প্যানেলের নেতৃবৃন্দের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নির্বাচন স্থগিত হওয়ার ঘোষণার পর আইডিইবির সদস্য ও প্রকৌশলীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্থগিতাদেশের সুনির্দিষ্ট কারণ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হলে বর্তমান পরিস্থিতি আরও পরিষ্কার হতো। একই সঙ্গে সদস্যদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তাও দূর হতো।

এদিকে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, নতুন তফসিল ঘোষণা করা হবে কি না কিংবা স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে—এসব বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে আইডিইবির সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্ব নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট প্রকৌশলী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন দীর্ঘ সময়ের জন্য ঝুলে গেলে এবং বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে সময়সীমা অতিক্রান্ত হলে সমাজসেবা অধিদপ্তরের বিধি অনুযায়ী আইডিইবিতে বুঝতে পারে প্রশাসক এমন আশঙ্কা ইতোমধ্যে সংগঠনটির বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে।

প্রকৌশলী মহলের অভিমত, দেশের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন হিসেবে আইডিইবির নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট সংকট দ্রুত সমাধান করা জরুরি। অন্যথায় সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সদস্যদের মধ্যে বিভাজন আরও বাড়তে পারে। এখন সকলের দৃষ্টি নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্ত এবং আইডিইবির নেতৃত্ব নির্বাচনের ভবিষ্যৎ প্রক্রিয়ার দিকে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে