নবপ্রকাশ ডেস্ক: বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে হঠাৎ বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৮টার দিকে শুরু হওয়া এই সমস্যায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন। প্রায় এক ঘণ্টা পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে সেবাগুলো।
ব্যবহারকারীরা জানান, হঠাৎ করেই অনেকের ফেসবুক ও মেসেঞ্জার অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। কেউ পুনরায় লগইন করতে পারেননি, আবার কারও নিউজফিড রিফ্রেশ হচ্ছিল না। অনেকের ক্ষেত্রে পোস্ট দেখা, কমেন্ট করা এবং মেসেজ পাঠাতেও সমস্যা দেখা দেয়। ডেস্কটপ সংস্করণে “Something went wrong” এবং “We’re working on it” ধরনের বার্তাও দেখা গেছে।
বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ইজডাউন’ ও ‘ডাউনডিটেক্টর’-এর তথ্যমতে, কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার ব্যবহারকারী সমস্যার রিপোর্ট জমা দেন। শুধু ফেসবুক নিয়েই ৬২ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে বলে জানিয়েছে রয়টার্স। অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারীদের অভিযোগের সংখ্যা এক লাখও ছাড়িয়ে যায়।
বাংলাদেশের বিভিন্ন স্থান থেকেও একই ধরনের অভিযোগ পাওয়া যায়। ঢাকার ব্যবহারকারী মিথিলা আক্তার বলেন, “সন্ধ্যা সাড়ে সাতটার পর দেখি হঠাৎ ফেসবুক ও মেসেঞ্জার থেকে লগআউট হয়ে গেছি। পরে আর লগইন করতে পারছিলাম না। নতুন পোস্টও আসছিল না।” একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন খুলনা, চট্টগ্রাম ও রাজশাহীর অনেক ব্যবহারকারী।
শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরাও একই সমস্যার মুখোমুখি হন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও রেডিটে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বহু ব্যবহারকারী দাবি করেন, মেসেঞ্জার থেকে হঠাৎ লগআউট হয়ে যাওয়ার পর আর প্রবেশ করা যাচ্ছিল না।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেটার সার্ভার বা ব্যাকএন্ড অবকাঠামোগত সমস্যার কারণেই এ বিভ্রাট তৈরি হয়েছে। যদিও বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি মেটা। তবে মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় বলেন, “আমরা জানি কিছু মানুষ আমাদের সেবাগুলো ব্যবহার করতে সমস্যায় পড়ছেন। আমরা বিষয়টি সমাধানে কাজ করছি।”
ফেসবুক ও মেসেঞ্জারের পাশাপাশি ইনস্টাগ্রাম, থ্রেডস এবং কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপেও আংশিক সমস্যা দেখা গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর একটি হওয়ায় ফেসবুকের এমন বিভ্রাটে ব্যক্তি ব্যবহারকারী থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম এবং অনলাইননির্ভর উদ্যোক্তারাও সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকেই বিকল্প যোগাযোগমাধ্যম হিসেবে এক্স ও টেলিগ্রামে ভিড় করেন।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ফেসবুক ও মেসেঞ্জারের সেবা। তবে কিছু ব্যবহারকারী এখনো ধীরগতির সমস্যা ও লগইন জটিলতার অভিযোগ করছেন।
