নবপ্রকাশ ডেস্ক:
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, নির্বাচন কমিশন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা, রমজান মাস ও সার্বিক পরিবেশ বিবেচনা করে ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ সময়সূচি এখনো সরকারকে জানায়নি। তবে পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সম্ভাব্য ৬ হাজার কোটি টাকা বাজেটের একটি আনুমানিক হিসাব দিয়েছে।
তিনি আরও জানান, এর মধ্যে কেবল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা খরচ হবে। সরকার চলতি অর্থবছরের মধ্যেই নির্বাচন শেষ করতে চায় এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা রেখে প্রস্তুত রয়েছে। চলতি মাসের শেষে বা অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
