ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সেন্সর বোর্ডে নতুন দায়িত্বে প্রসেনজিৎ

সেন্সর বোর্ডে নতুন দায়িত্বে প্রসেনজিৎ

বিনোদন ডেস্ক

ভারতের ‘সেন্সর বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি) পুনর্গঠন করে নতুন ১৮ সদস্যের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেই তালিকায় জায়গা পেয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

২০১৭ সালের পর এবারই নতুন করে সিবিএফসি গঠন করা হয়েছে। আগের বোর্ডের কয়েকজন সদস্যের মেয়াদ শেষ হওয়ায় নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে বোর্ডের দায়িত্ব ও কার্যপ্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আনা হয়নি।

নতুন বোর্ডে প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়। তালিকায় আরও আছেন পঙ্কজ ত্রিপাঠী, প্রীতি জিনতা, পল্লবী জোশী, মনোজ জোশী, সুনীল শেঠি, সুপ্রিয়া ইয়রালগড্ডা ও নিশিগন্ধা ওয়াডের মতো অভিনয়শিল্পীরা।

এ ছাড়া পরিচালক প্রিয়দর্শন, গায়ক ও সংসদ সদস্য হংসরাজ হংস, সুরকার রিকি কেজ, প্রযোজক-পরিচালক নীল মাধব পণ্ডা, নাট্যপরিচালক বামন কেন্দ্রে এবং লেখক রমেশ পতঙ্গেও নতুন বোর্ডের সদস্য হয়েছেন।

এদিকে একই সময়ে ভারতে ওটিটি কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। আরএসএস প্রধান মোহন ভাগবতের উদ্যোগে এ বিষয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে। কয়েক মাস আগে তৈরি ওই কমিটিতে শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত সাবেক উপাচার্য এবং আরএসএসের কয়েকজন প্রচারক রয়েছেন। ওটিটির বিষয়বস্তু নিয়ে একটি প্রস্তাব তৈরি করে তা সরকারের সংশ্লিষ্ট মহলে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রসেনজিৎ। তিনি জানান, চার দশকের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা থেকেই এই দায়িত্বকে গুরুত্বের সঙ্গে দেখছেন। সিবিএফসির মতো জায়গায় থেকে বাংলা চলচ্চিত্রশিল্পের জন্য নিজের সাধ্যমতো কাজ করার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে