নবপ্রকাশ ডেস্ক:
বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ, স্থানীয় পর্যায়ে মানব-বন্যপ্রাণী সংঘাত মোকাবিলা এবং স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও বাঘবন্ধুদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ওয়াইল্ডটিমের আয়োজনে এবং ইকটেক্স ও ইকোনিটসের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সুন্দরবনের বিভিন্ন এলাকার ভিটিআরটি সদস্য ও বাঘবন্ধুসহ ৯০ জনের বেশি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে বন্যপ্রাণী সংরক্ষণ, বন্যপ্রাণী উদ্ধারের সময় দলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন লজিস্টিক ও উদ্ধার সরঞ্জামের সঠিক ব্যবহার এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় রক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশেষ করে সুন্দরবনসংলগ্ন এলাকায় বন্যপ্রাণী ও মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের স্বেচ্ছাসেবকদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের চাঁদপাই স্টেশনের ফরেস্ট রেঞ্জার জনাব মো. হামিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপাই রেঞ্জের প্রশাসনিক কর্মকর্তা সেক্সপিয়ার বালা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ফারুক হাওলাদার।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ভিটিআরটি ও বাঘবন্ধু সদস্যদের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় লজিস্টিক সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল টি-শার্ট, নোটপ্যাড, সাপ উদ্ধারের সরঞ্জাম, গ্লাভস, হেড টর্চ, ত্রিপল, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম, ব্যাগসহ অন্যান্য উপকরণ।
আয়োজকরা জানান, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে ভিটিআরটি ও বাঘবন্ধু সদস্যরা মাঠপর্যায়ে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন এবং বন্যপ্রাণী উদ্ধারের পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেও দ্রুত সাড়া দিতে সক্ষম হবেন।
সুন্দরবন রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর করাই এ প্রশিক্ষণ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
