ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৩ জন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন- সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২) ও ঢাকার বিক্রমপুর এলাকার জাহাঙ্গীর শেখের মেয়ে জাইফা (৩)।
বাকি ৭ জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা অভিমুখী ‘ইউনিক পরিবহনে’র একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘বেঙ্গল পরিবহনে’র অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ৭ জন যাত্রী মারা যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে। ঘটনার পর কিছু সময় মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
