ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সিটি কেয়ার হাসপাতালে ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

সিটি কেয়ার হাসপাতালে ইউল্যাব শিক্ষার্থীর মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থী আদ দ্বীন (২৩)। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে।
তবে এ অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
১২ জুলাই রবিবার দিবাগত রাতে শ্যামলীর সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এ শিক্ষার্থীর। এ ঘটনার পর ভুল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার চেষ্টা করেন ক্ষুব্ধ স্বজনেরা। পরে র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, আদ দ্বীন ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফিরিয়ে আনা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শ্যামলীর সিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের দাবি, আইসিইউ (ICU) থেকে কেবিনে স্থানান্তরের পর আদ দ্বীনের শারীরিক অবস্থা উন্নতির দিকে ছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসক একটি ইনজেকশন দেওয়ার ১০ মিনিটের মধ্যেই তিনি হার্ট অ্যাটাক করেন এবং মারা যান। ঘটনার পর হাসপাতাল থেকে চিকিৎসকেরা পালিয়ে যান বলে স্বজনরা অভিযোগ করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, আদ দ্বীনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে তার মৃত্যু হয়। স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং স্বজনদের অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।
সিটি কেয়ার হাসপাতালটি মোহাম্মদপুরের রুপায়ন শেলফ ভবনে অবস্থিত। একই ভবনে এক ডজনের বেশি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর আগে একই ভবনের বেবি কেয়ার হাসপাতালে অক্সিজেন লাইনে লিকেজের ঘটনায় এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর ভবনটির বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিয়েও প্রশ্ন উঠেছিল।
এর আগেও বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলেও কোনো সুষ্ঠু সুরাহা মেলেনি। তাই এই ঘটনার প্রকৃত ও সুষ্ঠু তদন্ত চান আদ দ্বীনের স্বজনেরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে