নবপ্রকাশ ডেস্ক:
ভিডিও বার্তায় ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ ও ‘জাযাকাল্লাহ’ শব্দ ব্যবহারের পর ভারতের এক নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।
ওই নারী পুলিশ কর্মকর্তার নাম বুশরা বানু। তিনি ভারতের আইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দেন। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি পশ্চিমবঙ্গের খড়গপুরে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ১২ সেপ্টেম্বর আইপিএস পরীক্ষার্থীদের উদ্দেশে দেওয়া একটি ভিডিও বার্তায় বুশরা বক্তব্য দেন। ভিডিওর শুরুতে তিনি ‘আসসালামু আলাইকুম’ বলে সালাম দেন। বক্তব্যের বিভিন্ন অংশে ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহার করেন এবং শেষে ‘জাযাকাল্লাহ’ বলেন।
এ ভিডিও প্রকাশের পর ‘হিন্দু লিগ্যাল ফান্ড’ নামে একটি সংগঠন তার বক্তব্য নিয়ে আপত্তি তোলে। সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বুশরার সমালোচনা করে এবং তার বক্তব্যে ‘জয় হিন্দ’ ও ‘বন্দে মাতরম’ শব্দ ব্যবহার না করার বিষয়টি তুলে ধরে।
সংগঠনটির দাবি, তারা এ বিষয়ে পশ্চিমবঙ্গের হোম সেক্রেটারিকে অবহিত করেছে। তাদের অভিযোগ, একজন কর্মরত পুলিশ কর্মকর্তা হিসেবে জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় জাতীয়তাবাদী শব্দ ব্যবহারের বিষয়টি বিবেচনায় রাখা উচিত ছিল।
এরপর বুশরা বানুকে অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে আর্মড পুলিশের ডেপুটি কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে বুশরার বদলির সঙ্গে তার বক্তব্যে ব্যবহৃত ধর্মীয় শব্দগুলোর সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া,এনডি টিভি, ও ইন্ডিয়ান এক্সপ্রেস।
