ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সালমান শাহ মামলা: ফের পেছালো তদন্ত প্রতিবেদন

সালমান শাহ মামলা: ফের পেছালো তদন্ত প্রতিবেদন

নবপ্রকাশ ডেস্ক:

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা। এর ফলে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৫ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য তারিখ ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, শ্বশুরবাড়ির সদস্য লতিফা হক লিও ওরফে লুসি এবং চলচ্চিত্রের খল অভিনেতা আশরাফুল হক ডনসহ মোট ১১ জনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়।

তদন্তের অংশ হিসেবে সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে পুনরায় সুরতহাল ও ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয় তদন্ত সংস্থা। গত ২০ মে তদন্ত কর্মকর্তা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলনের অনুমতি চাইলে ২৪ মে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। পরবর্তীতে বাদীপক্ষের আবেদনে কিছু আইনি জটিলতা তৈরি হলেও গত ২২ জুন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে দেহাবশেষ উত্তোলনের কার্যক্রম পরিচালনাসংক্রান্ত আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটনের ফ্ল্যাট থেকে চিত্রনায়ক সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাঁর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যু (ইউডি) মামলা করলেও ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন। তখন সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হলেও ১৯৯৭ সালের ৩ নভেম্বর সিআইডি তাঁদের চূড়ান্ত প্রতিবেদনে বিষয়টিকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করে।

পরবর্তীতে সিআইডির প্রতিবেদন প্রত্যাখান করে বাদীপক্ষ রিভিশন আবেদন করে। কমরউদ্দিন আহমদের মৃত্যুর পর তাঁর ভাই মোহাম্মদ আলমগীর (সালমান শাহর মামা) মামলাটি পরিচালনা করতে থাকেন। বাদীপক্ষের আবেদনের ওপর দীর্ঘ শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত অপমৃত্যুর প্রতিবেদন বাতিল করে রমনা থানায় হত্যা মামলা গ্রহণের নির্দেশ দেন।

সেই নির্দেশনার পর রমনা থানায় করা মামলায় সামীরা হক, আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, আশরাফুল হক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। স্বজনদের দাবি, মৃত্যুর দিন সালমানের শরীরে রশির দাগ ও নীলচে আঘাতের চিহ্ন দেখা গিয়েছিল, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে