নবপ্রকাশ ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের নিয়ে ট্রল ও কটাক্ষের বিরুদ্ধে সালমান খানের মন্তব্যের পর এবার তাঁকেই তীব্র আক্রমণ করেছেন জনপ্রিয় কৌতুকশিল্পী সুনীল পাল। এক অনুষ্ঠানে সালমানকে উদ্দেশ্যে করে সুনীল বলেন, অভিনেতাদের সবসময় দর্শকদের অবদান মনে রাখা উচিত।
সুনীল পাল সাফ মন্তব্য করে বলেন, ‘আমরাই সালমান খানকে তৈরি করেছি, সালমান খান আমাদের তৈরি করেননি। ভারতের মানুষ বছরের পর বছর তাঁর সিনেমা দেখেছেন বলেই তিনি আজকের তারকা।’ এ সময় ২ কোটি রুপি বাজেটের ‘হনুমান অংশ’ ছবি ৫০০ কোটি রুপি আয় করার উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন, বড় তারকাদের আধিপত্যের কারণে ছোট নির্মাতা ও শিল্পীদের পথ চলা কঠিন হয়ে পড়ছে। এমনকি সালমানের সঞ্চালিত রিয়েলিটি শো ‘বিগ বস’-কে ‘গাটার শো’ উল্লেখ করে সেখানে বিতর্কিত মানুষদের তারকা বানানো দেশের জন্য বড় ক্ষতি বলে দাবি করেন তিনি।
এর আগে ‘বিগ বস ২০’-এর মঞ্চে সামাজিক মাধ্যমে তারকাদের চেহারা ও ব্যক্তিগত বিষয় নিয়ে কটাক্ষের কড়া প্রতিবাদ জানান সালমান খান। সন্তান জন্মের পর ক্যাটরিনা কাইফের ওজন বৃদ্ধি নিয়ে ট্রলের জবাবে তিনি বলেন, সন্তান প্রসবের পর ওজন বাড়া অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। এছাড়া নিজের বয়স, চেহারা ও টাক পড়া নিয়ে বিদ্রূপের জবাব দিতে একপর্যায়ে মঞ্চে শার্ট খুলে নিজের ফিটনেস প্রদর্শন করেন এই তারকা।
সালমানের এই প্রতিবাদকে বরুণ ধাওয়ান, নেহা ধুপিয়া ও রোহিত শেঠিরা সমর্থন জানালেও সুনীল পালের এই বক্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হলো।
