ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » সারাদেশে শুরু হলো তিন দিনের ভূমিসেবা মেলা

সারাদেশে শুরু হলো তিন দিনের ভূমিসেবা মেলা

 

নিজস্ব প্রতিবেদক: ভূমিসেবাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রযুক্তির বিকল্প নেই। একই সঙ্গে ভূমি অফিসে দুর্নীতি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেও সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

 

মঙ্গলবার সকালে রাজধানীর ভূমি ভবন-এ আয়োজিত জাতীয় ভূমিসেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বাটন প্রেসের মাধ্যমে একযোগে সারাদেশের উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের তিনটি প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। পরে তিনি ভূমির পরিকল্পিত ব্যবহার, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনা নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

 

প্রধানমন্ত্রী বলেন, একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণকে সেবা দেওয়া কোনো অনুগ্রহ নয়, বরং এটি সরকারের সাংবিধানিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

 

তিনি আরও বলেন, ভূমি ব্যবস্থাপনা যত বেশি প্রযুক্তিনির্ভর হবে, জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিও তত সহজ হবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভূমি অফিসে হয়রানি কমবে এবং মধ্যস্বত্বভোগীদের প্রভাবও নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন সরকারপ্রধান।

 

প্রধানমন্ত্রী বলেন, ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসনে সরকার ইতোমধ্যে অনলাইন নামজারি, ই-পরচা, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা চালু করেছে। এসব সেবাকে আরও সহজলভ্য করতে মাঠপর্যায়ে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হচ্ছে।

 

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ভূমি ভবন-এ স্থাপিত বিভিন্ন স্টল ও সেবা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি কল সেন্টার, নাগরিক সেবা কেন্দ্র এবং ডে-কেয়ার সেন্টার ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

 

 

ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, এবারের মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা, নামজারি আবেদন, খতিয়ান যাচাই, অনলাইন কর পরিশোধ এবং নাগরিক পরামর্শসেবা প্রদান করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দ্রুত সেবা নিশ্চিত করাই এ মেলার মূল লক্ষ্য।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে