নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে রিকশাচালকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক ওয়ারী বিভাগ। বুধবার (২৪ জুন) যাত্রাবাড়ী মোড়ে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. সজিব পাঠান সম্রাট (২৮)।
ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের সদস্যরা খবর পান যে, এক ব্যক্তি নিজেকে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন রিকশাচালকের কাছ থেকে নানা অজুহাতে অর্থ আদায় করছেন। অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থল থেকে সজিব পাঠান সম্রাটকে আটক করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সজিব পাঠান সম্রাট কোনো স্বীকৃত গণমাধ্যমের কর্মী নন। তিনি অন্য এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা সাংবাদিক পরিচয়ের একটি আইডি কার্ড ব্যবহার করে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন। ওই পরিচয়ের সুযোগ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করতেন বলেও তিনি স্বীকার করেছেন।
পুলিশ জানায়, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও সম্মানজনক পেশা। এই পেশার পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা শুধু আইন লঙ্ঘনের শামিল নয়, বরং প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে। তাই এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
আটক সজিব পাঠান সম্রাটকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানার কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ জনগণকে এ ধরনের ভুয়া পরিচয়ধারী ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কেউ সাংবাদিক পরিচয় দিয়ে অর্থ দাবি করলে বা সন্দেহজনক আচরণ করলে দ্রুত নিকটস্থ থানায় বা পুলিশের সংশ্লিষ্ট ইউনিটে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
