জীবনযাপন ডেস্ক
সম্পর্কের দূরত্ব সবসময় বড় কোনো ঝগড়া কিংবা বিচ্ছেদের ঘোষণায় প্রকাশ পায় না। অনেক সময় নীরবে তৈরি হয় সেই ফাঁক। একজন নিয়মিত খোঁজ নেন, দেখা করার পরিকল্পনা করেন বা ঝগড়ার পর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেন, অন্যজন কেবল প্রয়োজনমতো সাড়া দেন। বাইরে থেকে সম্পর্ক স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে একপক্ষের মনে তৈরি হতে পারে একাকিত্ব।
ভালোবাসার সম্পর্কে সবকিছু সমানভাবে ভাগাভাগি হতে হবে—এমন নয়। কেউ হয়তো কথায় বেশি যত্নশীল, কেউ কাজে। তবে দুজনেই সম্পর্কের প্রতি দায়িত্বশীল কি না, সেটিই গুরুত্বপূর্ণ। সম্পর্ক বিশেষজ্ঞদের আলোচনায় পারস্পরিক সাড়া, সহানুভূতি ও একে অন্যের প্রয়োজনকে গুরুত্ব দেওয়াকে সুস্থ সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখা হয়।
১. সবসময় আপনিই যোগাযোগ শুরু করছেন
প্রায় প্রতিবার কি আপনিই প্রথম মেসেজ করেন, ফোন দেন কিংবা দেখা করার পরিকল্পনা করেন? আপনি উদ্যোগ নেওয়া বন্ধ করলেই যদি যোগাযোগও থেমে যায়, তাহলে বিষয়টি খেয়াল করার মতো।
২. সমস্যা মেটানোর দায়িত্বও আপনার
ঝগড়া বা ভুল বোঝাবুঝির পর সম্পর্ক ঠিক করার চেষ্টা কি বারবার আপনাকেই করতে হচ্ছে? নিজের ভুল না থাকলেও শুধু পরিস্থিতি সামাল দিতে যদি আপনাকেই ক্ষমা চাইতে হয়, তাহলে সম্পর্কের ভারসাম্য নিয়ে ভাবা প্রয়োজন।
৩. আপনার কথা জানার আগ্রহ কম
কথোপকথনে সবসময় সঙ্গীর জীবন, সমস্যা বা অনুভূতিই গুরুত্ব পাচ্ছে? আপনার দিন কেমন গেল, কী নিয়ে ভাবছেন বা আপনার কোনো সমস্যা আছে কি না—এসব জানতে যদি তার আগ্রহ খুব কম থাকে, সেটিও একতরফা যোগাযোগের ইঙ্গিত হতে পারে।
৪. বারবার আপনাকেই মানিয়ে নিতে হচ্ছে
সময়, পরিকল্পনা, পছন্দ কিংবা ব্যক্তিগত প্রয়োজন—প্রতিটি ক্ষেত্রেই যদি নিয়মিত আপনাকেই ছাড় দিতে হয়, তাহলে সম্পর্কের পারস্পরিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সমঝোতা প্রয়োজন, তবে সেটি যেন সবসময় এক পক্ষের ওপর নির্ভর না করে।
৫. সম্পর্কে থেকেও একা লাগে
সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর একটি হলো—সঙ্গী পাশে থাকা সত্ত্বেও ভেতরে একাকিত্ব অনুভব করা। নিয়মিত কথা বলা বা একই ছাদের নিচে থাকা মানেই আবেগগতভাবে কাছাকাছি থাকা নয়। নিজের অনুভূতি ভাগ করে নেওয়ার জায়গা না থাকলে সম্পর্কের মধ্যেও শূন্যতা তৈরি হতে পারে।
সম্পর্ক কি তাহলে শেষের পথে?
সবসময় এমন নয়। একজন বেশি যোগাযোগ করলেই বা অন্যজন তুলনামূলক কম উদ্যোগ নিলেই সম্পর্ককে একতরফা বলা যায় না। বরং দীর্ঘ সময়ের আচরণের ধরন বা প্যাটার্ন দেখা জরুরি। গত কয়েক মাস ধরে যদি প্রায় সব উদ্যোগ আপনার হয় এবং আপনার প্রয়োজন বারবার উপেক্ষিত হয়, তাহলে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করা যেতে পারে।
ভালোবাসা কোনো হিসাবের খাতা নয়। প্রতিদিন দুজনের সমান পরিমাণ সময় বা মনোযোগ দেওয়া সম্ভবও নয়। তবে সম্পর্কের কঠিন সময়ে দুজনেই একে অন্যের পাশে থাকার চেষ্টা করছেন কি না, সেটিই বড় বিষয়। কারণ সম্পর্ক টিকিয়ে রাখতে নিখুঁত সমতা নয়, প্রয়োজন পারস্পরিক উপস্থিতি ও যত্ন।
