গাজীপুর প্রতিনিধি: সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
সোমবার (৭ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার বলেন, জনগণের জানমাল রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি জানান, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জিএমপির কার্যক্রম অব্যাহত রয়েছে।
পুলিশ কমিশনার আরও বলেন, শিল্পাঞ্চল, আবাসিক এলাকা, মহাসড়ক এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসহ নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তিনি গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, জিএমপির বিভিন্ন উপ-পুলিশ কমিশনার, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ কমিশনার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
