নিজস্ব প্রতিবেদক: রাজধানীকে বাসযোগ্য, আধুনিক ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে নাগরিক সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন মো. আবদুস সালাম। তিনি বলেছেন, “ঢাকা শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। তবে এই লক্ষ্য বাস্তবায়নে সরকার ও প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক সংগঠন এবং সাধারণ নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে (প্রত্যাশা চত্বর) শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সিটি কর্পোরেশন বিশেষ কার্যক্রম পরিচালনা করছে। তিনি জানান, “সাপ্তাহিক ক্লিনিং ডে’র আওতায় নগরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চলছে। কিন্তু শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, মশা নিয়ন্ত্রণে নগরবাসীকেও সচেতন হতে হবে। বাসাবাড়ি, ছাদ ও আঙিনায় কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।”
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগর গঠনের পাশাপাশি সবুজায়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সিটি কর্পোরেশন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর বৃক্ষরোপণ কর্মসূচিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম ঢাকা শহরকে আরও বাসযোগ্য ও নান্দনিক করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের শুরুতে সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন সড়ক দ্বীপে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
