চাঁদাবাজির মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বলেন, হাটহাজারী থানার চাঁদাবাজির মামলায় আসামি ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।
এর আগে গত ২ আগস্ট চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের দাবি, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য ও ধারাবাহিক গোয়েন্দা অভিযানের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়।
