ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ‘শিরোনাম’ দিয়ে ফিরছেন কাজী মারুফ

‘শিরোনাম’ দিয়ে ফিরছেন কাজী মারুফ

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করলেও দেশীয় চলচ্চিত্রের প্রতি টান কমেনি চিত্রনায়ক কাজী মারুফের। নিজের পরিচালিত ও অভিনীত ‘গ্রীন কার্ড’ সিনেমা মুক্তির পর এবার নতুন চলচ্চিত্র নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা। সিনেমার নাম রাখা হয়েছে ‘শিরোনাম’।

বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল প্রতীক্ষিত এই নতুন সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশ করে বড় পর্দায় তাঁর নতুন যাত্রার কথা জানান কাজী মারুফ।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, চারপাশে রক্তভেজা ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভূমির ওপর পড়ে রয়েছে তিনটি জাতীয় পত্রিকা। যার একটির প্রধান শিরোনাম—‘রাজনীতিতে নতুন সংকট: দেশজুড়ে উত্তেজনা, বাড়ছে অনিশ্চয়তা’। অপর দুটি পত্রিকার শিরোনামে লেখা রয়েছে—‘সীমান্তে বাড়ছে উত্তেজনা’ এবং ‘বিক্ষোভ সারা দেশে: মানুষের দাবি দ্রুত সমাধান’। পোস্টারের এই আবহ থেকে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে যে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সীমান্ত পরিস্থিতি এবং সমসাময়িক জাতীয় নানা ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে সিনেমাটির মূল গল্প গড়ে উঠেছে।

যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজী মারুফ জানান, দেশের চলমান ও সাম্প্রতিক বাস্তবতাই তাঁর নতুন এই সিনেমার মূল ভিত্তি। এটি কোনো সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে কি না জানতে চাইলে মারুফ বলেন, “পুরোপুরি কোনো একক সত্য ঘটনা নয়, তবে সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ নিয়ে চলচ্চিত্রটির গল্প সাজানো হয়েছে। সিনেমাতো একাধারে কল্পনা আর সত্যের সংমিশ্রণ। আশা করছি দর্শকরা এই ভিন্নধারার কাজটি পছন্দ করবেন।”

কাজী মারুফ অভিনীত ও পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘গ্রীন কার্ড’ ২০২৪ সালের রোজার ঈদে মুক্তি পেয়েছিল। সেখানে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জীবনসংগ্রাম ও নানা বাস্তবতার চিত্র ফুটে উঠেছিল। তবে এবার ‘শিরোনাম’ সিনেমাটির সম্পূর্ণ শুটিং অনুষ্ঠিত হবে বাংলাদেশে। যথারীতি সিনেমাটির মূল কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কাজী মারুফ নিজেই। তবে তাঁর বিপরীতে কাকে দেখা যাবে কিংবা সহশিল্পী কারা থাকছেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

নতুন প্রজেক্টের কাজ ত্বরান্বিত করতে চলতি মাসেই দেশে ফিরছেন জানিয়ে কাজী মারুফ বলেন, আগামী ১৫ অক্টোবর তিনি ঢাকায় অবতরণ করবেন। এরপরই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নায়িকা, অন্যান্য কলাকুশলী ও কারিগরি দল চূড়ান্ত করে দ্রুতই ক্যামেরা ওপেন করা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে