নবপ্রকাশ ডেস্ক:
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রোম্যান খীসা নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। গত রোববার (২০ সেপ্টেম্বর) মিশনে অর্পিত দায়িত্ব পালনকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে ট্রোম্যান খীসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
নৌবাহিনী জানায়, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ট্রোম্যান খীসার এই আত্মত্যাগ বাংলাদেশের শান্তিরক্ষীদের জন্য এক গৌরবময় ও অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
